আহতদের মধ্যে যাঁরা গুরুতর অবস্থায় ছিলেন, তাঁদের নিকটবর্তী হাসপাতালে দ্রুত স্থানান্তর করা হয়েছে। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা সংস্থা এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে।
.jpg.webp)
আমেরিকায় বন্দুকবাজের হামলা
শেষ আপডেট: 11 October 2025 23:22
দ্য ওয়াল ব্যুরো: মিসিসিপি প্রদেশের লেল্যান্ড শহরে শুক্রবার মধ্যরাতে একটি স্কুল চত্বরে হঠাৎ বন্দুকবাজের হামলা (Mississippi school shooting)। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত হয়েছেন আরও ১২ জন। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাঁদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য এয়ারলিফট করা হয়েছে। ফুটবল ম্যাচকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় বলে জানা গেছে।
মিসিসিপি প্রদেশের রাজধানী জ্যাকসন থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে অবস্থিত লেল্যান্ডে এই ঘটনা ঘটে (Leland, Mississippi)। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে, হাইস্কুলের মাঠের কাছাকাছি রাস্তায় গুলি চলেছে বলে জানিয়েছেন মেয়র জন লি। তবে পুলিশ এখনও পর্যন্ত কোনও সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি এবং কোনও গ্রেফতারির খবরও পাওয়া যায়নি।
এই হামলা এমন সময় ঘটে যখন স্কুল চত্বরে হোমকামিং ফুটবল ম্যাচ (Homecoming Football Match) এবং কমিউনিটি ইভেন্ট চলছিল। আমেরিকায় প্রচলিত রীতি অনুযায়ী, স্কুলগুলি কমিউনিটি ইভেন্টে প্রাক্তন ছাত্রদের স্বাগত জানায় এবং সেই সঙ্গে ফুটবল খেলা, মেলা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয়রা সাধারণত সপ্তাহান্তে ঘরে ফেরার আনন্দ উদযাপন করতে এই রাস্তায় আসে, তাই শুক্রবার রাতটি জনবহুল থাকে। হঠাৎ করে এলোপাথাড়ি গুলি চালানোর কারণে স্থানীয়রাও চমকে উঠেছিল।
মেয়র জন লি বলেন, “এই হামলা আমাদের জন্য শকিং। সাধারণত আমাদের শহর শান্তিপ্রিয় এবং মানুষ একে অপরকে চেনে। এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি।” স্থানীয় বাসিন্দারা জানান, তাঁদের মধ্যে অনেকেই ঘাবড়ে গিয়েছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে।
আহতদের মধ্যে যাঁরা গুরুতর অবস্থায় ছিলেন, তাঁদের নিকটবর্তী হাসপাতালে দ্রুত স্থানান্তর করা হয়েছে। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা সংস্থা এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। তারা তদন্ত করছে গুলির উৎস, হামলার উদ্দেশ্য এবং ঘটনায় যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
এই ধরনের ঘটনায় কমিউনিটি শোকাহত হয়েছে। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাঁরা ঘটনার কারণ খুঁজে বের করার পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করবে। এভাবে হঠাৎ এবং অপ্রত্যাশিত বন্দুক হামলা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।