ভেনেজুয়েলায় গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে দীর্ঘদিন ধরে আন্দোলন চালানোর স্বীকৃতি হিসেবে এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন মারিয়া কোরিনা মাচাদো।
.jpg.webp)
ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 11 October 2025 15:27
দ্য ওয়াল ব্যুরো: মারিয়া কোরিনা মাচাদোকে (Maria Corina Machado) শান্তিতে নোবেল দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বা হোয়াইস হাউস (White House) যে ধরনের বক্তব্য রেখেছে তার পাল্টা জবাব দিল নরওয়ের নোবেল কমিটি। স্পষ্টভাবে ব্যাখ্যা করা হল, কেন ডোনাল্ড ট্রাম্পকে নয়, মারিয়া মাচাদোকে এই সম্মান দেওয়া হয়েছে।
নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রাইডনেস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমাদের সিদ্ধান্ত একমাত্র আলফ্রেড নোবেলের ইচ্ছা ও কাজের ভিত্তিতেই নেওয়া হয়, কোনও রাজনৈতিক প্রভাব নয়।” তিনি বলেন, “প্রতি বছর হাজার হাজার চিঠি আসে, যেখানে মানুষ জানান, তাঁদের মতে কে শান্তির জন্য কাজ করেছেন। কিন্তু নোবেল শান্তি পুরস্কার (Peace Prize) দেওয়া হয় তাঁদেরই, যারা সত্যিই শান্তির পথে অবদান রেখেছেন।”
ফ্রাইডনেসের কথায়, নোবেল কমিটির সদস্যরা এমন এক ঘরে বসেন, যেখানে চারিদিকে অতীতের শান্তি পুরস্কারপ্রাপ্তদের ছবি টাঙানো। সেই দেয়ালই তাঁদের মনে করিয়ে দেয় সাহস, সততা ও আত্মত্যাগের প্রতীক সেই সব মানুষদের কথা। “এই ঘর সাহস ও সততায় ভরা। আমরা আমাদের সিদ্ধান্ত নিই কেবল কাজ ও নোবেলের ইচ্ছার ওপর ভিত্তি করে।”
অন্যদিকে, মাচাদোকে পুরস্কার ঘোষণার পর হোয়াইট হাউসের তরফে অভিযোগ তোলা হয় যে, “নোবেল কমিটি আবারও প্রমাণ করল তারা রাজনীতিকেই শান্তির উপরে রাখে।” ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চুয়েং বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি করবেন, যুদ্ধ শেষ করবেন, জীবন বাঁচাবেন। তাঁর মানবিকতাকে কেউ অস্বীকার করতে পারবে না।”
এদিকে শান্তিতে নোবেল পুরস্কার না পেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে (White House) সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, পুরস্কারজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তাঁকেই সম্মান জানিয়ে নোবেল গ্রহণ করেছেন।
ট্রাম্প বলেন, “আজ যিনি নোবেল পেয়েছেন, তিনি আমাকে ফোন করে বললেন - ‘আমি এই পুরস্কার নিচ্ছি আপনার সম্মানে, কারণ এটা আসলে আপনারই প্রাপ্য।’ আমি কিন্তু বলিনি যে, আমাকে দিন। আমি ওঁকে সাহায্য করেছি বহুবার। ভেনেজুয়েলার বিপর্যয়ের সময় তাদের প্রচুর সাহায্যের প্রয়োজন ছিল। আমি খুশি, কারণ আমি লক্ষ লক্ষ প্রাণ বাঁচাতে পেরেছি।”
ভেনেজুয়েলায় গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে দীর্ঘদিন ধরে আন্দোলন চালানোর স্বীকৃতি হিসেবে এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন মারিয়া কোরিনা মাচাদো। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, তিনি 'সাতটি যুদ্ধ বন্ধ করার' কৃতিত্বের জন্যই নোবেলের যোগ্য ছিলেন। তবে নোবেল কমিটির (Nobel Committee) স্পষ্ট বক্তব্য, গণতন্ত্র প্রতিষ্ঠা ও একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণ উত্তরণের সংগ্রামে তাঁর অনড় ভূমিকার জন্য মাচাদোকে বেছে নেওয়া হয়েছে।