বিরোধের জেরে প্রশাসনে ভাঙন ধরছে, এই জল্পনায় জল ঢালার চেষ্টা করেছে হোয়াইট হাউস।

শেষ আপডেট: 12 July 2025 17:35
দ্য ওয়াল ব্যুরো: ২০১৯-এর পর থেকেই আমেরিকায় এক বিতর্কিত নাম জেফ্রি এপস্টিন। সেই পুরনো মামলা ঘিরে ফের আলোড়ন। তার ভিত্তিতেই মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর শীর্ষপদে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
নিউ ইয়র্ক পোস্ট-এর একটি প্রতিবেদন বলছে, ডেপুটি ডিরেক্টর ড্যান বংগিনোর প্রতি সমর্থন জানিয়ে সংস্থার ডিরেক্টর কাশ প্যাটেল পদত্যাগের কথা ভাবছেন।
সূত্রের খবর, মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সঙ্গে ড্যান বংগিনোর তীব্র মতবিরোধ তৈরি হয় এপস্টিনের মৃত্যু তদন্ত এবং তথাকথিত "ক্লায়েন্ট লিস্ট" সংক্রান্ত বিষয় নিয়ে। তার পর থেকেই দুই আধিকারিকের সম্পর্ক কার্যত ভেঙে পড়ে।
২০১৯ সালে জেলবন্দি অবস্থায় বিতর্কিত ফিনান্সার জেফ্রি এপস্টিনের মৃত্যুকে আত্মহত্যা বলেই ঘোষণা করেছিল মার্কিন বিচার বিভাগ (DOJ)। সেইসঙ্গে দাবি করা হয়েছিল, কোনও "ক্লায়েন্ট লিস্ট" বা উচ্চপর্যায়ের ব্যক্তিদের ব্ল্যাকমেল করার প্রমাণ নেই।
কিন্তু প্রশাসনের অন্দরে এই তদন্ত নিয়েই বিস্তর অনিশ্চয়তা ও দ্বন্দ্ব। ৮ জুলাই ক্যাবিনেট বৈঠকে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ফের স্পষ্ট করে জানান, ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যে “ক্লায়েন্ট লিস্ট আমার ডেস্কে রয়েছে” বলেছিলেন, তাতে এপস্টিনের নাম রয়েছে।
সূত্রের মতে, প্যাটেল ও বংগিনো দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহকর্মী এবং তাঁদের দৃষ্টিভঙ্গিও প্রায় এক। এমন পরিস্থিতিতে বংগিনো যদি পদত্যাগ করেন, প্যাটেলেরও তাঁর পথে হাঁটার সম্ভাবনা প্রবল।
এক বিচার বিভাগীয় আধিকারিক নিউ ইয়র্ক পোস্ট-কে বলেন, "কাশ এবং ড্যান সবসময়েই স্বচ্ছতা ও জবাবদিহির পক্ষে ছিলেন। আজকের প্রশাসনিক বাস্তবতায় যেখানে তথ্য আড়াল হচ্ছে, সেখানে তাঁদের একসঙ্গে সরে দাঁড়ানো অবাক করার মতো কিছু নয়।"
ড্যান বংগিনো, যিনি এর আগে ফক্স নিউজের সঞ্চালক হিসেবে পরিচিত ছিলেন, এপস্টিন মৃত্যু নিয়ে বারবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। যদিও সাম্প্রতিক সময়ে তিনি জানিয়েছেন, মামলার নথি অনুযায়ী আত্মহত্যার তত্ত্বই মজবুত বলে মনে হচ্ছে, যদিও ভিডিও ফুটেজ ছিল দুর্বল মানের।
এপস্টিনের সেলে প্রতিদিন একটি করে “এক মিনিটের” ভিডিও ফুটেজ হারিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন বন্ডি। বলেন, পুরনো রেকর্ডিং সিস্টেমের কারণেই তা ঘটেছে। তবে এই ব্যাখ্যায় অনেকেই সন্তুষ্ট নন।
বিরোধের জেরে প্রশাসনে ভাঙন ধরছে, এই জল্পনায় জল ঢালার চেষ্টা করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ট্রাম্পের ডেপুটি প্রেস সেক্রেটারি হ্যারিসন ফিল্ডস বলেন, "প্রেসিডেন্ট এমন একটি অভিজ্ঞ, দক্ষ আইনশৃঙ্খলা দল তৈরি করেছেন যারা দেশের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।"
তবে বাস্তবে বিচার বিভাগের অন্দরে যে টানাপড়েন চলছে, তা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে।