করাচিতে গ্যাস লিক থেকে ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একের পর এক দেহ উদ্ধার হচ্ছে। ঘটনায় একাধিক শিশুসহ কমপক্ষে ১৬ জনের মৃত্যু, আহত ১৪।

করাচি ব্লাস্ট
শেষ আপডেট: 19 February 2026 17:58
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের করাচিতে (Karachi) সন্দেহজনক গ্যাস লিক (Gas Leak) থেকে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। বৃহস্পতিবার ভোরে আবাসিক একটি বাড়িতে বিস্ফোরণে প্রাণ গেল কমপক্ষে ১৬ জনের। জখম হয়েছেন আরও ১৪ জন। মৃতদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন শিশুও। স্থানীয় সময় ভোর সাড়ে চারটে নাগাদ বিস্ফোরণের অভিঘাতে কেঁপে ওঠে ওল্ড সোলজার বাজার (Old Soldier Bazar) এলাকার বহুতল। পুলিশ জানাচ্ছে, সেই সময় রমজানের (Ramzan) প্রথম দিনের সেহেরির প্রস্তুতি চলছিল ঘরে ঘরে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
পুলিশ আধিকারিক জামশেদ আশের (Jamshed Asher) জানিয়েছেন, বহুতলের প্রথম তলায় বিস্ফোরণ হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গ্যাস লিকই (Gas Leak) এই ঘটনার নেপথ্যে থাকতে পারে। করাচির দীর্ঘদিনের গ্যাস সঙ্কটের জন্য এলাকার বহু পরিবারই নিয়মিত রান্নাবান্নার কাজে নির্ভর করেন এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) উপর। ঠিক সেই সিলিন্ডার থেকেই লিক হয়ে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে।
পুলিশ সার্জন সমাইয়া সাইয়েদ (Dr Samaiya Syed) জানিয়েছেন, এখন পর্যন্ত হাসপাতালগুলিতে মোট ১৪ জনের দেহ পৌঁছেছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরাই। জখমের সংখ্যা বাড়েনি। তবে, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়েছে বাড়ির একটি বড় অংশ। বহুদিনের জীর্ণ অবস্থার জন্য কাঠামোটি বিস্ফোরণের ধাক্কা সামলাতে পারেনি। দমকল বিভাগের চিফ ফায়ার অফিসার হুমায়ুন খান (Humayun Khan) জানিয়েছেন, ধ্বংসস্তূপের মধ্যে এখনও তল্লাশি চলছে। আরও কেউ আটকে রয়েছেন কি না, বা মৃতদেহ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মৃতদের মধ্যে অন্তত ৯ জন শিশু। বয়স দুই থেকে ১৭-র মধ্যে। আহতদের মধ্যেও রয়েছে সাত শিশু।
এই নিয়ে টানা দু’মাসে করাচিতে (Karachi) দ্বিতীয় বড় বিপর্যয়। গত মাসেই সাদ্দার (Saddar) এলাকার গুল শপিং প্লাজা (Gul Shopping Plaza)–র বেজমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছিল অন্তত ৭৯ জনের। বহু মানুষ গুরুতরভাবে অসুস্থ হয়েছিলেন। তার ঠিক পরেই ফের বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে শহরবাসী।