এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করে তালিবান মুখপাত্র বলেন, এমন হামলা মানবিক নীতির সম্পূর্ণ বিরোধী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবিক মূল্যবোধের পরিপন্থী।

একাধিক বিস্ফোরণে কাঁপল কাবুল
শেষ আপডেট: 16 March 2026 23:36
দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে পরপর একাধিক বিস্ফোরণে কাঁপল আফগানিস্তানের রাজধানী কাবুল (Kabul explosions)। একই সঙ্গে শহরের আকাশে অপেক্ষাকৃত নীচ দিয়ে যুদ্ধবিমান উড়তে দেখা গিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা, আতঙ্ক গ্রাস করেছে তাঁদের। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলতে থাকা সংঘাতের (Afghanistan Pakistan conflict) প্রেক্ষাপটে এই ঘটনাটিকে ঘিরে নতুন করে উত্তেজনা (Pakistan Airstrike Kabul) তৈরি হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, কাবুলের ফিফথ ডিস্ট্রিক্টে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী এবং জরুরি পরিষেবার একাধিক গাড়ি ঘটনাস্থলের দিকে রওনা দেয়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনার পর আফগানিস্তানের শাসক তালিবান সরকার সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তালিবানের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে কাবুলে হামলা চালিয়েছে।
তাঁর বক্তব্য, পাকিস্তানের সামরিক শাসনব্যবস্থা আবারও আফগান আকাশসীমা লঙ্ঘনের পাশাপাশি কাবুলের একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে হামলা চালিয়েছে। এই হামলায় সেখানে চিকিৎসাধীন কয়েকজন ব্যক্তি নিহত ও আহত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করে তালিবান মুখপাত্র বলেন, এমন হামলা মানবিক নীতির সম্পূর্ণ বিরোধী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবিক মূল্যবোধের পরিপন্থী।
অন্যদিকে বিভিন্ন সূত্রের দাবি, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতরও এই হামলার লক্ষ্যবস্তু হতে পারে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি বিস্ফোরণ ঘটেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে কাবুলে এখনও উত্তেজনা বজায় রয়েছে। শহরের বিভিন্ন অংশে এখনও বিমান চলাচলের খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গত কয়েক সপ্তাহ ধরেই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। অভিযোগ, পাকিস্তান একাধিকবার কাবুলে হামলা চালিয়েছে। পাকিস্তানের দাবি, আফগানিস্তানে তালিবান সরকারের ছত্রছায়ায় কিছু জঙ্গি সংগঠন আশ্রয় পাচ্ছে, যারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে।
বিশেষ করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি-র কার্যকলাপ নিয়েই পাকিস্তানের প্রধান অভিযোগ। ইসলামাবাদের দাবি, এই জঙ্গি সংগঠন আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। যদিও কাবুলের তরফে এই অভিযোগ বারবার অস্বীকার করা হয়েছে।
এর আগেও সীমান্ত সংঘাতের জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। জানা যায়, এক সময়ের মধ্যে মাত্র ৪৮ ঘণ্টায় পাকিস্তান ২৭০টিরও বেশি রকেট ও আর্টিলারি শেল ছুড়েছিল আফগানিস্তানের দিকে। এর জবাবে আফগানিস্তান পাকিস্তান সীমান্তের কাছে একাধিক নিরাপত্তা চৌকিতে পাল্টা হামলা চালায়।
এই টানাপড়েনের মাঝেই সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানের বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলা চালায় বলে জানা যায়। পাকিস্তানের গোয়েন্দা সূত্রের দাবি, ওই হামলাগুলিতে আফগান তালিবান এবং টিটিপি-র সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে নিশানা করা হয়েছিল।
তবে আফগান তালিবানের অভিযোগ, ওই হামলাগুলিতে সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছে। সেই সময়ই ইসলামাবাদকে সতর্ক করে কাবুল জানিয়েছিল, এই হামলার জবাব দেওয়া হবে।
তার পর থেকেই দুই দেশের সীমান্ত জুড়ে প্রায় প্রতিদিনই সংঘর্ষ, ড্রোন হামলা এবং পাল্টা গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। ফলে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে পরিস্থিতি ক্রমশই আরও উত্তপ্ত হয়ে উঠছে।