এদিনই দুপুরে ইজরায়েলের জেরুজালেম সহ বিভিন্ন শহরে বিশেষত দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালায় ইরানি বাহিনী।

এবার আরও শক্তিশালী প্রত্যাঘাত হবে আমেরিকার বিরুদ্ধে।
শেষ আপডেট: 23 June 2025 15:19
দ্য ওয়াল ব্যুরো: ‘জুয়াড়ি ট্রাম্প, আপনি হয়তো যুদ্ধ শুরু করতে পারেন। কিন্তু, আমরা তাদের মধ্যে একজন, যারা এই যুদ্ধ শেষ করব।‘ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সোমবার এই ভাষাতেই জবাব দিল ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। ইরানের শীর্ষ ধর্মনেতা আমেরিকার হানাদারির পর হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপর এদিন ফের ইরানি সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র হুমকি দিয়ে বলেন, এবার আরও শক্তিশালী প্রত্যাঘাত হবে আমেরিকার বিরুদ্ধে। সেই সঙ্গে এদিনই দুপুরে ইজরায়েলের জেরুজালেম সহ বিভিন্ন শহরে বিশেষত দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালায় ইরানি বাহিনী। এখানকার কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ইরানি হামলায় বিস্তীর্ণ এলাকা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। প্রায় ৮ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই।
এদিকে, এদিনই উত্তর কোরিয়ার পর চিন, স্পেনও পশ্চিম এশিয়ায় অশান্তির জন্য ইজরায়েল ও ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে। উল্লেখ্য, এদিনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলবেন ইরানের বিদেশমন্ত্রী। সব মিলিয়ে একদিকে যখন ইরান-ইজরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে, তখন আমেরিকার ভূমিকা নিয়েও বিশ্বজুড়ে প্রবল অসন্তোষ গড়ে ওঠায় অশান্তির মোড় অন্যদিকে ঘুরতে শুরু করেছে। কারণ ২০২৩ সালের গোড়ার দিকে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি সমীক্ষা অনুযায়ী, পৃথিবীর ৯টি দেশের হাতে মোট ১২,৫১২টি পরমাণু বোমা রয়েছে। গতবছর পর্যন্ত চিন আরও অন্তত ৬০টি নতুন পরমাণু বোমা যোগ করেছে তাদের সামরিক ভাঁড়ারে। নীচে চিত্রের মাধ্যমে তুলে ধরা হল কোন দেশের হাতে আনুমানিক কটি করে পরমাণু অস্ত্র রয়েছে।

এদিন সকালেই উত্তর কোরিয়া আমেরিকা-ইজরায়েলকে একঘরে করার ডাক দেওয়ার পরে স্পেনও ইজরায়েল বিরোধী গুরুতর অবস্থান নিয়েছে। স্পেনের বিদেশমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেজ ইউরোপীয় ইউনিয়নের কাছে ইজরায়েলকে বয়কটের ডাক দিয়েছেন। ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপিয়ান ইউনিয়নের বিদেশ বিষয়ক পরিষদের বৈঠকের আগে সাংবাদিকদের তিনি বলেন, ইজরায়েলের বিরুদ্ধে এই মুহূর্তে কঠিন পদক্ষেপ জরুরি। ওদের বিরুদ্ধে উচিত ইউনিয়নের অবরোধ জারি করা এবং সমস্ত রকমের সামরিক সাহায্য ছাঁটাই করা। তিনি বৈঠকে ইইউ-ইজরায়েল চুক্তি বাতিলের আবেদন জানাবেন। ইজরায়েলকে সমস্ত রকমের অস্ত্র বিক্রি এবং বিভিন্ন দিক থেকে বয়কটের দাবি জানান।
এদিনও চিন সরাসরি আমেরিকার ইরান বিরোধী যুদ্ধে নামার বিষয়টিকে ভালো চোখে মেনে নেয়নি। বিশ্বের অর্থনীতির কথা ভেবে সকলের কাছে চিনা বিদেশ মন্ত্রক আর্জি জানিয়েছে, এখনই এই যুদ্ধ বন্ধ করতে সকলের এগিয়ে আসা উচিত। কারণ ইতিমধ্যেই ইরানের ভিতর থেকে দাবি উঠেছে, আমেরিকার হানাদারি জন্য হোরমুজ খাঁড়িমুখ বন্ধ করে দেওয়ার। আর তা হলে গোটা বিশ্বে অপরিশোধিত তেল সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়বে।