রবিবার এক্স (X)-এ একটি ভিডিও পোস্ট করেন মর্টিসিয়া। সেখানে দেখা যায়, কানাডায় ইরান-বিরোধী এক সমাবেশে অংশ নিয়েছেন তিনি। ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘বলেছিলাম না, তোমার কবরের উপর নাচব?’

মর্টিসিয়া অ্যাডামস
শেষ আপডেট: 1 March 2026 16:13
দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস আগে আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের (Ali Khamenei) ছবিতে আগুন ধরিয়ে তা থেকে সিগারেট জ্বালিয়ে প্রতিবাদ করেছিলেন, ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। খামেনেইয়ের মৃত্যু নিশ্চিত হওয়ার পর সেই ‘মর্টিসিয়া অ্যাডামস’ নামের তরুণী (Morticia Addams) ফের উঠে এলেন শিরোনামে। খামেনেই নিহত হওয়ার পর প্রকাশ্যে উচ্ছ্বাস দেখিয়ে নতুন বিতর্ক উসকে দিলেন এই ইরানি শরণার্থী।
‘বলেছিলাম না, কবরের উপর নাচব’
রবিবার এক্স (X)-এ একটি ভিডিও পোস্ট করেন মর্টিসিয়া। সেখানে দেখা যায়, কানাডায় ইরান-বিরোধী এক সমাবেশে অংশ নিয়েছেন তিনি। ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘বলেছিলাম না, তোমার কবরের উপর নাচব?’ আরেক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মন্তব্য উদ্ধৃত করে লেখেন, ‘তিনি ইঁদুরের মতো মারা গেছেন।’
জানুয়ারিতে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছিল, একটি এফোর কাগজে ছাপা খামেনেইয়ের ছবিতে আগুন লাগিয়ে তা দিয়ে সিগারেট ধরাচ্ছেন তিনি। ইরানে সরকার-বিরোধী প্রতিবাদের সময় সেই দৃশ্য অনেকের কাছে প্রতীক হয়ে উঠেছিল।
কেন ছদ্মনাম?
‘মর্টিসিয়া অ্যাডামস’ তাঁর আসল নাম প্রকাশ করেন না। নিরাপত্তার কারণেই ছদ্মনাম ব্যবহার করেন বলে জানিয়েছেন। নিজেকে ইরানি শরণার্থী হিসেবে পরিচয় দেন। তাঁর দাবি, ইরানে ভিন্নমত পোষণের জন্য গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছিলেন। পরে তুরস্কে পালিয়ে যান। বর্তমানে কানাডার টরন্টোতে ছাত্র ভিসায় থাকেন।
তাঁর সাম্প্রতিক পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া। কেউ তাঁকে 'সাহসী কণ্ঠস্বর' বলছেন, কেউ বলছেন তাঁর প্রতিবাদের ভাষা অতি উস্কানিমূলক।
পটভূমি: উত্তপ্ত আরব দুনিয়া
৮৬ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্র (United States) ও ইজরায়েলের (Israel) যৌথ হামলায় খামেনেই নিহত হয়েছেন বলে খবর। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) দাবি করেছেন, তেহরানে তাঁর কমপাউন্ড ধ্বংস করা হয়েছে। পরে তেহরানও এই দাবি মেনে নিয়েছে।
হামলার জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইজরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশে, যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে। ফলে গালফ, দুবাই, কাতার-সহ বেশ কয়েকটি এলাকায় উত্তেজনা এখন চরমে।
এই প্রেক্ষাপটে মর্টিসিয়ার মতো কণ্ঠ আরও জোরাল হচ্ছে। খামেনেইয়ের মৃত্যু শুধু রাজনৈতিক মানচিত্র বদলাচ্ছে না, সোশ্যাল মিডিয়াতেও তৈরি করছে নতুন প্রতীকের লড়াই।