ট্রাম্প আগেও মোজতবার অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। ১৬ মার্চ তিনি বলেছিলেন, নতুন সুপ্রিম লিডার আদৌ বেঁচে আছেন কিনা তা স্পষ্ট নয়।
.jpeg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 28 March 2026 10:24
দ্য ওয়াল ব্যুরো: ইরানের নতুন সুপ্রিম লিডার (Supreme Leader) প্রকাশ্যে আসার আগেই মৃত! ইরান-ইজরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের টানটান উত্তেজনার মধ্যেই ইরানের নেতৃত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর দাবি, ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লা মোজতবা খামেনেই (Mojtaba Khamenei) হয়তো বেঁচেই নেই। একইসঙ্গে তিনি বলেন, মার্কিন বাহিনীর ধারাবাহিক আক্রমণে ইরানের সামরিক কাঠামো ও শীর্ষ নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
ট্রাম্প এই মন্তব্য করেন মায়ামিতে আয়োজিত ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ প্রাইওরিটি সামিট’-এ। সেখানে তিনি দাবি করেন, আমেরিকার সামরিক অভিযান (US Strikes in Iran) 'ইরানের ক্ষমতার কেন্দ্র' কার্যত সম্পূর্ণ ভেঙে দিয়েছে। তাঁর কথায়, “তাদের নেতারা সবাই মৃত। সুপ্রিম লিডার আর সুপ্রিম নেই- তিনি মৃত।”
ট্রাম্প বলেন, মার্কিন হামলায় ইরানের নৌবাহিনী থেকে শুরু করে বিমানবাহিনী পর্যন্ত সবকিছুই প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। ইরানের নৌবহর গালফের তলায় ডুবে আছে, বিমানবাহিনী পুরোপুরি ধ্বংস, এবং বায়ু সেনা ও যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। তিনি দাবি করেন, আমেরিকা নজিরবিহীনভাবে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন কারখানা ও অস্ত্রভাণ্ডার ধ্বংস করছে।
২৮ ফেব্রুয়ারির হামলায় ইরানের দীর্ঘদিনের সুপ্রিম লিডার আয়াতুল্লা আলি খামেনেই (Ayatollah Ali Khamenei) নিহত হওয়ার পর তেহরান ঘোষণা করে, তাঁর ছেলে আয়াতুল্লা মোজতবা খামেনেইই দেশের নতুন সুপ্রিম লিডার। কিন্তু এরপর থেকেই তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। মার্কিন কর্মকর্তারা আগেই বলেছিলেন, মোজতবা গুরুতর আহত হয়েছেন। ফলে ইরানের প্রচলিত নেতৃত্ব কাঠামো কী অবস্থায় আছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে বড় প্রশ্ন উঠেছে। দেশটির রেভলিউশনারি গার্ড-সহ বিভিন্ন সামরিক ইউনিটও কেন্দ্রীয় নির্দেশনা ছাড়াই চলেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগেও ট্রাম্প মোজতবার অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। ১৬ মার্চ তিনি বলেছিলেন, নতুন সুপ্রিম লিডার আদৌ বেঁচে আছেন কিনা তা স্পষ্ট নয়। তাঁর মন্তব্য ছিল, “আমরা জানি না তিনি বেঁচে আছেন কি না। কেউই তাঁকে এখনও দেখতে পায়নি, যা অস্বাভাবিক।”
এদিকে যুদ্ধের কারণে হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ইরান এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে আগ্রহী বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান “তারা (তেহরান) এখন শান্তি চায়। একটা সমঝোতার জন্য আর্জি জানাচ্ছে।”
মোজতবা খামেনেইয়ের অবস্থান নিয়ে অনিশ্চয়তা ও নেতৃত্বের সংকট ইরানকে আরও চাপের মুখে ফেলেছে। যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ চরমে পৌঁছেছে।