আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষী হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এক ভারতীয় যুবক। ২২ বছরের ওই যুবক দাবি করেছেন, রাজধানীর এক বাসস্টপে দাঁড়িয়ে থাকাকালীন একদল কিশোর তাঁকে উদ্দেশ করে কটূক্তি করে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 August 2025 09:00
দ্য ওয়াল ব্যুরো: আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষী হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এক ভারতীয় যুবক। ২২ বছরের ওই যুবক দাবি করেছেন, রাজধানীর এক বাসস্টপে দাঁড়িয়ে থাকাকালীন একদল কিশোর তাঁকে উদ্দেশ করে কটূক্তি করে। তিনবার এভাবে তাঁকে হয়রানি করা হয় বলে জানিয়েছেন তিনি। ঘটনাটির বর্ণনা দিয়ে তিনি একটি পোস্ট করেছেন সোশ্যাল প্ল্যাটফর্ম ‘রেডিট’-এ।
যুবকের অভিযোগ, শেষবার যখন কিশোররা গাড়ি নিয়ে তাঁর সামনে আসে, তখন তাঁকে বর্ণবিদ্বেষী গালাগাল দেয়। ঘটনাস্থলে আরও কয়েকজন ছিলেন, দু’জন স্থানীয় আইরিশ নাগরিক ও এক অচেনা ভারতীয়। কিন্তু কেউই প্রতিবাদ করেননি। তিনি লিখেছেন, “আমরা শেষ পর্যন্ত একাই। কেউ পাশে দাঁড়ায় না। তাই শক্ত থাকুন সবাই।”
ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া এসেছে। একজন লিখেছেন, “আমিও একজন বিদেশি হিসেবে আয়ারল্যান্ডে একই রকম অভিজ্ঞতা পেয়েছি। সবসময় এটা বর্ণবিদ্বেষ নয়, অনেক সময় শুধু কিশোরদের দুর্ব্যবহার।”
অন্য এক মন্তব্যে বলা হয়, “যেহেতু তারা বর্ণবাদী ভাষা ব্যবহার করেছে, তাই বিষয়টিতে বর্ণবিদ্বেষ স্পষ্ট।” আরেকজন লিখেছেন, “এই ধরনের পরিস্থিতিতে ফোনে ভিডিও করা উচিত। যারা চুপ করে দাঁড়িয়ে থাকে, তারাও কম দায়ী নয়।”
একজন আইরিশ নাগরিক মন্তব্য করেছেন, “এই ঘটনার জন্য আমি দুঃখিত। দুঃখিত যে আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিলেন না। আমরা আসলে এর চেয়ে ভাল।”আরেকজন জানিয়েছেন, “প্রায় একই রকম অভিজ্ঞতা আমারও হয়েছে মাসখানেক আগে। কিশোররা গাড়ি থামিয়ে ডাক দেয়, তারপর কটূক্তি করে পালায়।”
সম্প্রতি আয়ারল্যান্ডে ভারতীয়দের উপর হামলার ঘটনা বেড়েছে। এর আগে ভারতীয় দূতাবাস সতর্কতা জারি করে জানায়, আয়ারল্যান্ডে বসবাসরত ভারতীয়দের বিশেষ করে রাতে নির্জন এলাকা এড়িয়ে চলতে হবে এবং নিজেদের ব্যক্তিগত নিরাপত্তায় সচেতন থাকতে হবে।