জাতিসংঘে এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় শান্তিপূর্ণ সমাধানের গুরুত্ব। এই আলোচনাতেই ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতনেনি পাকিস্তানের নাম না করে সরাসরি সন্ত্রাসে মদতের অভিযোগ তোলেন।

জাতিসংঘে পাকিস্তানকে তোপ ভারতের
শেষ আপডেট: 23 July 2025 08:52
দ্য ওয়াল ব্যুরো: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তুলে কড়া ভাষায় আক্রমণ করল ভারত (India Slams Pakistan at UN)। মঙ্গলবার শান্তি ও সহাবস্থানের বার্তা দিয়ে ভারত স্পষ্ট জানিয়ে দিল, সন্ত্রাসের বিরুদ্ধে কোনও রকম ছাড় তারা দেবে না। তারা 'জিরো টলারেন্স' নীতিতেই অনড় থাকবে।
জাতিসংঘে এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় শান্তিপূর্ণ সমাধানের গুরুত্ব। এই আলোচনাতেই ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতনেনি পাকিস্তানের নাম না করে সরাসরি সন্ত্রাসে মদতের অভিযোগ তোলেন। তাঁর বক্তব্য, ভারত যেখানে সহমর্মিতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে এগোচ্ছে, সেখানে কিছু দেশ সন্ত্রাসবাদ ও মৌলবাদের পথে চলছে।
'ভারত সবসময় শান্তি ও ন্যায়ের পক্ষে আন্তর্জাতিক সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করে। আমরা পরিণত গণতন্ত্রের দেশ, যেখানে দ্রুত বিকাশ হচ্ছে। আর কিছু দেশ রয়েছে, যারা একদিকে সন্ত্রাসীদের আশ্রয় দেয় আর অন্যদিকে জাতিসংঘে দাঁড়িয়ে শান্তির ভাষণ দেয়।', এভাবেই নাম না করে পাকিস্তানকে কাঠগড়ায় তুললেন ভারতের প্রতিনিধি।
এই প্রসঙ্গেই হরিশ উল্লেখ করেন ২২ এপ্রিলের পহেলগাম জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) কথা। যেখানে পাক জঙ্গিরা ২৬ জন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে। এই হামলার পাল্টা জবাব দিতে ভারত শুরু করে ‘অপারেশন সিঁদুর'। এই অভিযানে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেয় ভারত।
এরপরই সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে, ছোড়া হয় ক্ষেপণাস্ত্রও, এই সংঘর্ষ চলে ১০ মে পর্যন্ত। হরিশ পার্বতনেনি জানান, পাকিস্তান অনুরোধ করায় এই সংঘর্ষে বিরতি ডাকা হয়েছিল। একই সঙ্গে তিনি ব্যাঙ্গাত্মক সুরে বলেন, সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতে মধ্যস্থতা করার দাবি করলেও, ভারত নিজের কূটনৈতিক অবস্থানে থেকেই পরিস্থিতি সামাল দেয়।