এই চুক্তির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়া। তবে জানা গিয়েছে, আপেল, দুধ ও দুগ্ধজাত পণ্য এই চুক্তির বাইরে রাখা হয়েছে ভারতের কৃষকদের স্বার্থে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 23 July 2025 23:12
দ্য ওয়াল ব্যুরো: বহু প্রতীক্ষিত ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিতে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা (India-UK free trade deal)। সব ঠিক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi's UK visit) লন্ডন সফরে এই চুক্তি সই হতে পারে। বুধবার চার দিনের বিদেশ সফরে রওনা দিচ্ছেন মোদী- প্রথমে ব্রিটেন, পরে মালদ্বীপ। তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
চলতি বছরের মে মাসে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়র স্টার্মার (UK Prime Minister Keir Starmer) সঙ্গে ফোনে কথা বলেন নরেন্দ্র মোদী। সেই সময়েই দু’দেশ সিদ্ধান্ত নেয়, চুক্তির আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে এবং শীঘ্রই তা চূড়ান্ত হবে। দুই প্রধানমন্ত্রীর বক্তব্যে তখনই স্পষ্ট হয়, এই বাণিজ্য চুক্তির লক্ষ্য, দু’দেশের মধ্যে বিনিয়োগ ও কাজের সুযোগ বাড়ানো, বিশ্ব অর্থনীতির সঙ্গে মিল রেখে বাজারে সমস্ত বাধা পেরিয়ে আসা।
এই মুক্ত বাণিজ্য চুক্তির (Free Trade Deal) ফলে ব্রিটেনে রফতানি করা ভারতের কিছু পণ্য, যেমন চামড়া, পোশাক, জুতো, গয়না, সামুদ্রিক মাছ ও খেলনার উপর থেকে শুল্ক অনেকটাই কমে যাবে। এরফলে সেসব পণ্যের দাম ব্রিটেনে সস্তা হবে। অন্যদিকে, ভারতেও ব্রিটিশ পণ্য—যেমন স্কচ, হুইস্কি, জাগুয়ার-ল্যান্ডরোভার গাড়ি, চকলেট, কসমেটিকস ও মেডিক্যাল সরঞ্জাম কম দামে আমদানি করা যাবে।
এই চুক্তির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়া। তবে জানা গিয়েছে, আপেল, দুধ ও দুগ্ধজাত পণ্য এই চুক্তির বাইরে রাখা হয়েছে ভারতের কৃষকদের স্বার্থে। ফলে এইসব পণ্যের উপর আগের মতোই শুল্ক থাকছে।
চুক্তির নিয়ম অনুযায়ী, দু’দেশের বাণিজ্যমন্ত্রীরাই সাধারণত এতে সই করেন। এরপর চুক্তি কার্যকর হতে গেলে ব্রিটিশ সংসদের অনুমোদন লাগবে।