আসিম মুনির বোঝাতে চেয়েছেন - ভারত এখন মার্সিডিজের মতো ছুটছে আর পাকিস্তান ডাম্পার ট্রাকের মতো যাচ্ছে। দুটির সংঘর্ষ হলে কার বেশি ক্ষতি হবে!

আসিম মুনির
শেষ আপডেট: 18 August 2025 16:20
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের সেনাপ্রধান (Pak Army Chief) আসিম মুনিরের (Asim Munir) মন্তব্য ঘিরে ফের অস্বস্তিতে ইসলামাবাদ। সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে তিনি ভারতকে তুলনা করেন একটি ঝকঝকে ‘মার্সিডিজ’(Mercedes) - গাড়ির সঙ্গে। আর পাকিস্তানকে বলেন এক ‘পাথরভর্তি ডাম্পার বা ট্রাক’ (Truck)। তাঁর এই যুক্তি শুনে হাসাহাসি শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। পাকিস্তানেও বিষয়টি নিয়ে এখন বিতর্ক।
আসিম মুনির বোঝাতে চেয়েছেন - ভারত এখন মার্সিডিজের মতো ছুটছে আর পাকিস্তান ডাম্পার ট্রাকের মতো যাচ্ছে। দুটির সংঘর্ষ হলে কার বেশি ক্ষতি হবে! পাক সেনাপ্রধানের এই মন্তব্যকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি সমর্থন করেছেন। তাঁর ব্যাখ্যা, মুনির সৌদির প্রতিনিধি দলের সামনেও একই তুলনা টেনেছিলেন। নকভির দাবি, পাকিস্তানি শক্তির ইঙ্গিত দিতেই মুনির এ কথা বলেন।
যদিও বাস্তব চিত্র ভিন্ন। ‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় বায়ুসেনার নিশানায় পাকিস্তানের একাধিক এয়ারবেস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে। রানওয়ে থেকে শুরু করে হ্যাঙ্গার পর্যন্ত ভেঙে যায় বিস্ফোরণে। কিন্তু স্পষ্টত পাকিস্তান সেই বিষয়টি এখনও পর্যন্ত মানতে চাইছে না।
এরই মাঝে মুনিরের মন্তব্য প্রকাশ্যে আসতেই পাকিস্তানি সেনাপ্রধানকে ব্যঙ্গ করে নানা পোস্ট ছড়িয়ে পড়েছে এক্স-এ (টুইটার)। একজনের কটাক্ষ - মুনির সত্যি বলেছেন। তবে বাকিটা নিছক ভ্রম। অন্য একজন লিখেছেন, ভারত হল ক্ষেপণাস্ত্রে বোঝাই এক মের্সিডিজ, যে ধাক্কা খেলে সামলে উঠতে পারবে না কেউ।