ভারত অন্য কোনও দেশ থেকে তেল কিনতেই পারে, সেটা নতুন কিছু নয়, এবং তা যে রাশিয়াকে লক্ষ্য করে নেওয়া কোনও পদক্ষেপও নয় - সেই অবস্থান নিয়েও সচেতন রাশিয়া।

শেষ আপডেট: 5 February 2026 07:55
দ্য ওয়াল ব্যুরো: ভারত কোন দেশ থেকে অপরিশোধিত তেল কিনবে (India Oil Purchase), সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে নয়াদিল্লির - বুধবার স্পষ্ট বার্তা দিল রাশিয়া (Russia)। ক্রেমলিন জানাল (Kremlin response to Trump claim), ভারত অন্য কোনও দেশ থেকে তেল কিনতেই পারে, সেটা নতুন বা আলাদা কিছু নয়, এবং তা যে রাশিয়াকে লক্ষ্য করে নেওয়া কোনও পদক্ষেপও নয় - সেই অবস্থান নিয়েও সচেতন তারা।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ (Dmitry Peskov) এক সাংবাদিক বৈঠকে বলেন, রাশিয়া কখনও ভারতের একমাত্র 'জ্বালানি অংশীদার' ছিল না। আন্তর্জাতিক শক্তি বিশেষজ্ঞরাও জানেন, ভারত সবসময় একাধিক দেশ থেকে তেল ও পেট্রোলিয়াম পণ্য কিনে এসেছে। তাই অন্য উৎস থেকে তেল কেনার মধ্যে নতুনত্ব কিছু নেই।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি দাবির পরই পেসকভ এই মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেছিলেন, একটি বাণিজ্য সমঝোতার অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি রাশিয়ার তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন এবং তার বদলে যুক্তরাষ্ট্র ও সম্ভবত ভেনেজুয়েলা থেকে তেল কেনার বিষয়ে সম্মত হয়েছেন।
এই দাবির প্রেক্ষিতে পেসকভ স্পষ্ট করে দেন, ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করছে - এমন কোনও সরকারি বার্তা মস্কো পায়নি। আগের দিনও তিনি একই কথা বলেছিলেন, যে নয়াদিল্লি থেকে এ ধরনের কোনও ইঙ্গিত আসেনি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভাও এই প্রসঙ্গে বলেন, রুশ হাইড্রোকার্বন কেনা দুই দেশের পক্ষেই লাভজনক এবং তা বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। তিনি জানান, ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়ে যেতে রাশিয়া প্রস্তুত।
সব মিলিয়ে রাশিয়ার বক্তব্য পরিষ্কার, ভারত তার জ্বালানি চাহিদা মেটাতে যেকোনও দেশের সঙ্গে বাণিজ্য করতে পারে, এবং তাতে অস্বাভাবিক কিছু নেই। একই সঙ্গে, ট্রাম্পের দাবি সম্পর্কে তারা জানিয়ে দিল, এমন কোনও সিদ্ধান্তের কথা ভারতের তরফে তাদের জানানো হয়নি।