দুপক্ষের গুলির লড়াইয়ে প্রায় ১০ জন হামাস সদস্য মারা গিয়েছে বলে ইজরায়েলি সংবাদমাধ্যম সূত্রের খবর। অন্যদিকে, হামাসের হামলায় ইজরায়েলির বাহিনী অন্তত জনা পাঁচেক জওয়ান জখম হয়েছেন।

গাজা দখলের খবর শুনেই সুড়ঙ্গ ফুঁড়ে পিলপিল করে বেরিয়ে এল হামাস জঙ্গিরা।
শেষ আপডেট: 21 August 2025 12:29
দ্য ওয়াল ব্যুরো: গাজা দখলের খবর শুনেই সুড়ঙ্গ ফুঁড়ে পিলপিল করে বেরিয়ে এল হামাস জঙ্গিরা। একদল বন্দুকধারী হামাস জঙ্গি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আক্রমণ চালায় ইজরায়েলি একটি সেনা শিবিরে। দুপক্ষের গুলির লড়াইয়ে প্রায় ১০ জন হামাস সদস্য মারা গিয়েছে বলে ইজরায়েলি সংবাদমাধ্যম সূত্রের খবর। অন্যদিকে, হামাসের হামলায় ইজরায়েলির বাহিনী অন্তত জনা পাঁচেক জওয়ান জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
টাইমস অফ ইজরায়েল-এর দাবি, অন্তত ১৮ জনের হামাসের একটি দল বুধবার সকাল নাগাদ দক্ষিণ গাজা খাঁড়ি এলাকার খান ইউনিসে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর শিবিরে হামলা চালায়। ইজরায়েলের দাবি, ওই ঘটনায় তিনজন জওয়ান জখম হয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। সেনার সন্দেহ, হামাসের দলটি ইজরায়েলি জওয়ানদের অপহরণের ছক কষে এসেছিল।
দক্ষিণ খান ইউনিস এলাকায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে হামাস জঙ্গিরা হামলা চালিয়েছিল। তাদের কাছে ছিল মেশিন গান ও রকেট প্রপেলড গ্রেনেড। তারা এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে সেনা শিবিরের দিকে ছুটে যায়। কয়েকজন বন্দুকবাজ শিবিরের বেড়া ডিঙিয়ে ভিতরেও ঢুকে পড়ে। দুপক্ষে শুরু হয় ব্যাপক গুলির লড়াই। ইজরায়েলের দাবি, ওই হামলায় ১০ জন হামাস সদস্যকে খতম করেছে সেনাবাহিনী। সেনাকে সাহায্য করছে আসরে নামে ইজরায়েলি বিমানবাহিনীও। তবে ৮ জন হামাস ফের সুড়ঙ্গে ঢুকে পড়ে প্রাণ বাঁচায়।
গাজা দখলের প্রথম পর্বের অভিযান শেষমেশ শুরু করেই দিল ইজরায়েল। আন্তর্জাতিক মহলের সমস্ত রকমের নিষেধ উপেক্ষা করে বুধবার থেকে প্যালেস্তাইনের গাজা খাঁড়ি দখলে নেমে পড়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল। দখল করা জর্ডন নদীর পশ্চিম তিরবর্তী বা পশ্চিম খাঁড়ি এলাকায় অবৈধ উপনিবেশ পত্তনের লক্ষ্যে এগিয়ে চলেছে ইজরায়েলি বাহিনী। এই অভিযানের মূল উদ্দেশ্য গাজা শহর অবরোধ করা। যার ফলে এখন পালে পালে প্যালেস্তিনীয় বাসিন্দা ভূখণ্ড ছেড়ে পালাচ্ছেন। ইজরায়েলি আক্রমণে প্রথম দফাতেই ৮১ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে।