২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize) ঘোষণায় বড় চমক দিয়েছে নরওয়ের কমিটি। এও বুঝিয়ে দিয়েছে, এ ব্যাপারে তারা মার্কিন শাসকের কোনও গা জোয়ারি বা গলা ফাটানোর পরোয়া করে না।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 10 October 2025 20:09
দ্য ওয়াল ব্যুরো: নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize 2025) না পেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শান্তি প্রচেষ্টার প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। শুক্রবার রুশ সংবাদ সংস্থাকে পুতিন বলেন, “ট্রাম্প শান্তির জন্য অনেক কাজ করেন। সাম্প্রতিক পশ্চিম এশিয়ার যুদ্ধবিরতিই তার বড় উদাহরণ।” তবে, ট্রাম্পকে নোবেল দেওয়া উচিত কি না, সে বিষয়ে মন্তব্য করতে নারাজ পুতিন।
২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize) ঘোষণায় বড় চমক দিয়েছে নরওয়ের কমিটি। এও বুঝিয়ে দিয়েছে, এ ব্যাপারে তারা মার্কিন শাসকের কোনও গা জোয়ারি বা গলা ফাটানোর পরোয়া করে না। নোবেল শান্তি পুরস্কার গেল ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর (Maria Corina Machado) ঝুলিতে।
এই পুরস্কারের জন্য জোর গলায় নিজের নাম তুলছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ওই সিদ্ধান্ত ঘিরেই বিতর্ক ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতে। নোবেল কমিটির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে হোয়াইট হাউসও। ট্রাম্পের সমর্থকদের অভিযোগ, রাজনৈতিক পক্ষপাত দেখিয়ে নোবেল কমিটি তাঁকে উপেক্ষা করেছে।
পুতিনের পাশাপাশি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ট্রাম্পকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এক্স-এ তিনি লেখেন, “নোবেল কমিটি শুধু শান্তির কথা বলে, কিন্তু ট্রাম্প সেটি বাস্তবে ঘটিয়ে দেখান। তাঁর কাজই প্রমাণ।”
মার্কিন প্রশাসনের মুখপাত্র স্টিভেন চিউং বলেন, “নোবেল কমিটি শান্তির বদলে রাজনীতি বেছে নিয়েছে। ট্রাম্প যুদ্ধ শেষ করছেন, প্রাণ বাঁচাচ্ছেন, শান্তির চুক্তি করছেন, তিনি মানবতার জন্য কাজ করছেন।”
খোদ ট্রাম্পও সাংবাদিকদের বলেন, “আমি পুরস্কারের জন্য কাজ করি না। কিন্তু মনে রাখবেন, আমি আটটি যুদ্ধ থামিয়েছি এবং গাজার শান্তি ফিরিয়ে এনেছি।” তিনি আরও যোগ করেন, “ওবামা প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাসের মধ্যেই নোবেল পেয়েছিলেন কিছু না করেই।”
নোবেল ঘোষণার দিনই ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানায়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এটি ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ। যুদ্ধবিরতির ফলে গাজার দুই বছরের সংঘাত আপাতত থেমে গেল।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় দক্ষিণ ইজরায়েলে অন্তত ১,২০০ জন নিহত হন। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে এই শান্তি চুক্তি বাস্তবায়িত হচ্ছে ট্রাম্পের মধ্যস্থতায়। পুতিনের আগে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও প্রকাশ্যে দাবি করেছিলেন, “নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য ট্রাম্পই।”