হামাসের হাতে বন্দি থাকা ৭ জন ২ বছর পর মুক্তির স্বাদ নিয়ে পা রাখলেন দেশের মাটিতে।

প্রথম দফায় মুক্তিপ্রাপ্ত ৭ জন।
শেষ আপডেট: 13 October 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো: তেল আভিভে যেন উৎসবের মরশুম। হামাসের হাতে বন্দি থাকা ৭ জন ২ বছর পর মুক্তির স্বাদ নিয়ে পা রাখলেন দেশের মাটিতে। সেই দৃশ্যের সাক্ষী থাকতে বিশাল জনসমাবেশ হয়েছে এখানে। যে জায়গাটি আনুষ্ঠানিক উৎসবের আয়োজন করা হয়েছে, সেখানে লাগানো হয়েছে বিশাল একটি পর্দা। তাতে লাগাতার আপডেট চলছে খবরের। সিলভিয়া কুনোর ছেলে মুক্তি পেয়ে মাকে ফোন করায় তিনি আনন্দে কেঁদে বুক ভাসালেন। বললেন, ২ বছর পর এই প্রথম ছেলের গলার আওয়াজ পেলাম।
ইজরায়েল পুলিশের একটি লাইভ ভিডিওয় দেখা গিয়েছে, মুক্ত ৭ বন্দিকে নিয়ে একটি কনভয় দক্ষিণ ইজরায়েলের দিকে এগিয়ে আসছে। সেখানে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলে এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে জেরুজালেম এসে পৌঁছে গিয়েছেন।
আজ প্রথম দফায় যাঁরা মুক্তি পেলেন তাঁদের ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর একটি ঘাঁটিতে নিয়ে আসা হয়েছে। রিয়েম-এর সীমান্ত এলাকার একটি শিবিরে তাঁদের গাজা থেকে বের করে আনা হয়। সাতজনের এখন শারীরিক ও মানসিক চিকিৎসা চলছে সেনা শিবিরে। এরপরেই তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
ট্রাম্পের সফরের ঠিক প্রাক মুহূর্তে ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরগোজ সোমবার জানান, দেশ মার্কিন প্রেসিডেন্টকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করবে। ২ বছর ধরে চলা হামাস-ইজরায়েল যুদ্ধ বন্ধ করা এবং হামাসের হাতে বন্দি মুক্তির সাফল্যের জন্য ইজরায়েলের রাষ্ট্রপতির মেডেল অফ অনার দিয়ে সম্মানীত করা হবে ট্রাম্পকে। রাষ্ট্রপতির অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের অক্লান্ত চেষ্টায় প্রেসিডেন্ট শুধু আমাদের দেশের প্রিয় মানুষগুলিকে ফিরিয়ে আনছেন না, তিনি মধ্য-পূর্ব অঞ্চলে এক নতুন যুগের ভিত রচনা করেছেন। নিরাপত্তা, সহযোগিতা এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের সত্যিকারের আশা জাগিয়েছেন ট্রাম্প।
প্রেসিডেন্ট হেরগোজ আরও বলেছেন, ট্রাম্পকে ইজরায়েলি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার দিতে পেরে আমি নিজেকে সম্মানীত মনে করছি। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইজরায়েলি রাষ্ট্রপতির এই মেডেল দেশের সর্বোচ্চ সম্মান। যা দেওয়া হয় দেশের জন্য অনন্য কাজের অথবা মানবিকতার প্রতি অসাধারণ কোনও কাজের স্বীকৃতিস্বরূপ।