বোল্টন পাল্টা প্রশ্ন তুলেছেন, রাশিয়ার তেল কিনলেও কেন চিনের ওপর এ ধরনের শুল্ক বা নিষেধাজ্ঞা চাপানো হয়নি। তাঁর কথায়, “ইউক্রেনে যুদ্ধবিরতি আনার নামে ট্রাম্পের পদক্ষেপে ক্ষতিগ্রস্ত একমাত্র সরকার ভারত।”

ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 14 August 2025 07:26
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (Ex US NSA) জন বোল্টন (John Bolton) ভারতের সঙ্গে আমেরিকার বর্তমান সম্পর্কের (US India Relation) টানাপড়েন ইস্যুতে কার্যত তুলোধনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই (Donald Trump)। তাঁর স্পষ্ট মত, ট্রাম্প অযথাই ভারতের সঙ্গে শত্রুর মতো আচরণ করছেন। নয়াদিল্লির ওপর যে বিপুল হারে শুল্ক চাপানো হয়েছে, তা দুই দেশের সম্পর্কে 'ভুল বার্তা' দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে, যার মধ্যে ২৫ শতাংশ বিশেষ শাস্তিমূলক শুল্ক রাশিয়া থেকে তেল কেনার জন্য। বোল্টনের দাবি, এই পদক্ষেপ সম্পূর্ণ ভুল এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি ডেকে আনছে।
ট্রাম্প অবশ্য নিজের সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন, ভারত বিপুল পরিমাণ রুশ তেল কিনছে এবং তার একটি বড় অংশ আন্তর্জাতিক বাজারে বিক্রি করে মুনাফা তুলছে। তাঁর অভিযোগ, “ভারত পরোয়া করছে না ইউক্রেনে কত মানুষ রুশ যুদ্ধযন্ত্রের হাতে মারা যাচ্ছে।”
বোল্টন পাল্টা প্রশ্ন তুলেছেন, রাশিয়ার তেল কিনলেও কেন চিনের ওপর এ ধরনের শুল্ক বা নিষেধাজ্ঞা চাপানো হয়নি। তাঁর কথায়, “ইউক্রেনে যুদ্ধবিরতি আনার নামে ট্রাম্পের পদক্ষেপে ক্ষতিগ্রস্ত একমাত্র সরকার ভারত।”
এদিকে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বোল্টন এও বলেন, গত এক মাসে হোয়াইট হাউস ভারতের সঙ্গে যেভাবে আচরণ করেছে, তার ক্ষত মেরামত করতে অনেক সময় লাগবে। পাকিস্তান প্রসঙ্গও টেনে কটাক্ষ করতে ছাড়েননি বোল্টন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির এখন ট্রাম্পকে খেলাচ্ছেন! মজা করে তিনি এও বলেন, “আমার শুধু পরামর্শ, মোদী ট্রাম্পকে দু’বার নোবেল শান্তি পুরস্কারের (Nobel Prize) জন্য মনোনয়ন দিতে পারেন।”
প্রসঙ্গত, চলতি বছরের জুনে ইসলামাবাদ ঘোষণা করেছিল, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে 'সিদ্ধান্তমূলক কূটনৈতিক ভূমিকার' জন্য ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করবে তারা। তারপরই ট্রাম্পের দিকে ধেয়ে এল এমন কটাক্ষ।