হিন্দু আমেরিকান ফাউন্ডেশন এক্স-এ শেয়ার করেছে মন্দিরের দেওয়াল ও সাইনবোর্ডে কটূক্তি-ভরা স্লোগান লেখা ছবি ও ভিডিও। সেগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের বিরুদ্ধে নানা বার্তা দেখা গিয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 13 August 2025 17:53
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার মাটিতে ফের নিশানায় হিন্দু মন্দির। ইন্ডিয়ানার গ্রিনউড শহরে অবস্থিত ব্যাপস স্বামীনারণ মন্দিরে ‘অ্যান্টি ইন্ডিয়া’ গ্র্যাফিটি। সন্দেহের তির প্রো-খলিস্তানি গোষ্ঠীর দিকে। চলতি বছরে এনিয়ে চতুর্থবার এমন ঘটনা ঘটল। উদ্বেগে মার্কিন হিন্দু সম্প্রদায়।
হিন্দু আমেরিকান ফাউন্ডেশন এক্স-এ শেয়ার করেছে মন্দিরের দেওয়াল ও সাইনবোর্ডে কটূক্তি-ভরা স্লোগান লেখা ছবি ও ভিডিও। সেগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের বিরুদ্ধে নানা বার্তা দেখা গিয়েছে। ওই সংস্থা পোস্টে লিখেছে, ‘বছরের মধ্যে চতুর্থবার হিন্দু মন্দিরে এমন ভাঙচুর হল। গ্রিনউডের বিএপিএস মন্দিরকে এবার নিশানা করা হয়েছে। মন্দিরে ‘অ্যান্টি ইন্ডিয়া’গ্র্যাফিটি লেখা প্রো-খলিস্তানি গোষ্ঠীর পরিচিত কৌশল। আমেরিকান হিন্দুদের ‘হিন্দুত্ব’ বলে কলঙ্কিত করার প্রবণতাই এই ঘৃণা বাড়াচ্ছে। সময় এসেছে, নির্বাচিত প্রতিনিধিরা শুধুমাত্র নিন্দা নয়, দোষীদের চিহ্নিত করে কড়া শাস্তি নিশ্চিত করবেন।’
শিকাগোতে ভারতীয় কনসুলেট জেনারেল ঘটনাটির নিন্দা জানিয়েছেন। এক্স-এ পোস্ট করে দেওয়া হয়েছে বিবৃতিও। ‘গ্রিনউডের বিএপিএস স্বামীনারণ মন্দিরের প্রধান সাইনবোর্ডে লেখা কটূক্তি আমাদের কাছে নিন্দনীয়। কনসুলেট ইতিমধ্যেই স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিষয়টি তুলেছে দ্রুত পদক্ষেপের জন্য। আজ কনসাল জেনারেল ভক্তদের সমাবেশ এবং স্থানীয় নেতৃত্বের সঙ্গে (গ্রিনউডের মেয়র সহ) বৈঠক করেছেন। সকলকে ঐক্যবদ্ধ থাকার, সংহতি বজায় রাখার এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।’
এর আগে চলতি বছরের মার্চে, মার্কিন যুক্তরাষ্ট্রের সার্দার্ন ক্যালিফোর্নিয়ার একটি ঐতিহাসিক হিন্দু মন্দিরে একইভাবে অ্যান্টি-হিন্দু এবং ভারত-বিরোধীগ্র্যাফিটি লেখা হয়েছিল। তখনও ভারত সরকার কড়া ভাষায় নিন্দা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল। সে সময় ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছিলেন, ‘এই জঘন্য কাজের তীব্র নিন্দা করছি। স্থানীয় পুলিশকে অনুরোধ করছি কঠোর ব্যবস্থা নিতে এবং উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে।’