পুলিশ সূত্রে খবর, মন্দিরের পুরোহিত কার্তিকনাথ ঠাকুর অভিযোগ করেছেন, দুই সাংসদ ‘বলপ্রয়োগ’ করে গর্ভগৃহে ঢুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায়সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

নিশিকান্ত দুবে ও মনোজ তিওয়ারি।
শেষ আপডেট: 9 August 2025 08:04
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের দেওঘরের ঐতিহ্যবাহী বাবা বৈদ্যনাথ মন্দিরের (Baba Baidyanath Temple in Deoghar) গর্ভগৃহে বলপ্রয়োগ করে প্রবেশের অভিযোগে দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে (FIR against BJP MPs) এফআইআর দায়ের করল ঝাড়খণ্ড পুলিশ। অভিযুক্তরা হলেন গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) ও উত্তর-পূর্ব দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari)।
পুলিশ সূত্রে খবর, মন্দিরের পুরোহিত কার্তিকনাথ ঠাকুর অভিযোগ করেছেন, দুই সাংসদ ‘বলপ্রয়োগ’ করে গর্ভগৃহে ঢুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায়সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
২০২৩ সালের ডিসেম্বরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের পিছনে নিশিকান্তের আনা নোটিসই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আবার ২০২২ সালের সেপ্টেম্বরে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে— ন’জন বিজেপি সাংসদকে নিয়ে জোর করে দেওঘর বিমানবন্দরের ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল’-এ ঢুকে আধিকারিকদের হুমকি দেন এবং চার্টার্ড বিমানের রাতে উড়ানের অনুমতি নিতে বাধ্য করেন। সেই মামলাও এখনও বিচারাধীন।
শুধু তাই নয়, বছর কয়েক আগে মহুয়া মৈত্র টুইটারে নিশিকান্তের নির্বাচনী হলফনামা ঘেঁটে অভিযোগ করেছিলেন, তাঁর পিএইচডি ও এমবিএ ডিগ্রি জাল।
দেওঘরের এই নতুন অভিযোগে ফের চাপে বিজেপির দুই সাংসদ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে এ ব্যাপারে অভিযুক্ত দুই সাংসদের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।