দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার দুপুর নাগাদ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।

নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি।
শেষ আপডেট: 12 September 2025 11:14
দ্য ওয়াল ব্যুরো: জেন জি-র (Gen Z) ব্যাপক গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় ধোঁয়াশা অবশেষে কাটতে চলেছে। দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার দুপুর নাগাদ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। লুকিয়ে বেড়ানো প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকারের পতনের পর থেকে বেশ কয়েকটি মুখ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে উঠে এসেছিল। শেষপর্যন্ত পাওয়া খবরে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হচ্ছে। এক সাংবিধানিক বিশেষজ্ঞর কথা উদ্ধৃত করে রয়টার্স জানাচ্ছে, তিনি প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও সেনাপ্রধান অশোক রাজ সিগডেলের সঙ্গে আলোচনা করার পর কার্কিকেই প্রধান করার ফয়সালা হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালে নেপাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার মাত্র কয়েক মাস আগে প্রাক্তন মাওবাদী প্রধানমন্ত্রী পষ্পকমল দাহাল ‘প্রচণ্ড’ তাঁকে অপসারিত করেন। সেই কার্কিকেই বর্তমান সংসদের অধিকাংশ এমপি এবং জেন জি-র বিরাট অংশ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেছেন।
এদিনই দুপুরে কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠক বসতে চলেছে। সেখানে উপস্থিত থাকবেন সেনাপ্রধান অশোক রাজ সিগদেল, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত এবং সিপিএন (মাওবাদী সেন্টার)-এর নেতারা থাকবেন। রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের পৌরোহিত্যে আলোচনা হবে। ইতিমধ্যেই জেন জি বিক্ষোভে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪।