পত্রিকাটির এক ব্যবসায়িক প্রতিবেদনে ছাপা হয়ে গিয়েছে চ্যাটজিপিটি (ChatGPT)-এর এক ‘প্রম্পট’ বা নির্দেশমূলক বাক্য! পাঠকদের চোখে ধরা পড়তেই শুরু হয়েছে প্রবল বিতর্ক।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 13 November 2025 19:04
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ইংরেজি দৈনিক Dawn এখন প্রবল সমালোচনার মুখে। কারণ, পত্রিকাটির এক ব্যবসায়িক প্রতিবেদনে ছাপা হয়ে গিয়েছে চ্যাটজিপিটি (ChatGPT)-এর এক ‘প্রম্পট’ বা নির্দেশমূলক বাক্য! পাঠকদের চোখে ধরা পড়তেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। সংবাদ লেখার (News Writing) কাজ কি তবে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) হাতে চলে গেল? প্রশ্ন উঠছে।
ঘটনাটি ঘটে ১২ নভেম্বর প্রকাশিত Dawn পত্রিকার এক প্রতিবেদনে। শিরোনাম ছিল “Auto sales rev up in October”। প্রতিবেদনের শেষ অনুচ্ছেদে হঠাৎই দেখা যায় এক অদ্ভুত বাক্য, “If you want, I can also create an even snappier ‘front-page style’ version with punchy one-line stats and a bold, infographic-ready layout perfect for maximum reader impact. Do you want me to do that next?”। যা স্পষ্টতই চ্যাটজিপিটির তৈরি একটি নির্দেশমূলক বার্তা, যা সাধারণত কোনও সাংবাদিক খসড়া সম্পাদনার সময় ব্যবহার করেন। কিন্তু সেটিই ভুলবশত প্রকাশিত হয়ে যায় পত্রিকার ছাপা সংস্করণে।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এক পাকিস্তানি রেডিট ব্যবহারকারী পোস্ট করেন, “ডনের মতো ঐতিহ্যবাহী সংবাদপত্রে এমন ঘটনা সত্যিই লজ্জাজনক। কাগজটি সাংবাদিকতার নৈতিকতা নিয়ে কথা বলে, অথচ নিজেরাই এআই ব্যবহার করছে তা প্রকাশ না করেই।”
একজন এক্স ব্যবহারকারী লেখেন, “অন্যদের মিডিয়া নীতিশিক্ষা দিতে গিয়ে নিজেরাই চ্যাটজিপিটির লেখা ছাপিয়ে ফেলল ডন। মুখোশ খুলে গেল, আর ভণ্ডামিটাও ধরা পড়ে গেল।”
প্রসঙ্গত, Dawn প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪১ সালে, পাকিস্তানের জনক মহাম্মদ আলি জিন্নার উদ্যোগে। ১৯৪২ সালের ১২ অক্টোবর, লতিফি প্রেস থেকে বের হয় প্রথম সংখ্যা। স্বাধীনতার পর থেকেই এই পত্রিকা পাকিস্তানে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের প্রতীক হিসেবে পরিচিত।
এই ঘটনার পর সংবাদপত্রটির সম্পাদকীয় দফতর এখন নীরব। কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও দেয়নি Dawn কর্তৃপক্ষ। তবে সাংবাদিক মহলের একাংশ বলছেন, এটি হয়তো সম্পাদনা প্রক্রিয়ার একটি মানবিক ভুল, কিন্তু এমন একটি সম্মানিত পত্রিকার ক্ষেত্রে এই ভুল অত্যন্ত বিব্রতকর এবং ভবিষ্যতের জন্য সতর্কবার্তা।
বিশেষজ্ঞদের মতে, সংবাদ পরিবেশনে এআই ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা রাখা এখন সময়ের দাবি। কারণ পাঠকের আস্থা হারানোই মিডিয়ার সবচেয়ে বড় ক্ষতি।