'বিশেষ আস্থাভাজন' মাস্ককে নিজের অন্যতম পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিলেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্ক
শেষ আপডেট: 29 May 2025 08:10
দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর টেসলা কর্তা (Tesla CEO) এলন মাস্ককে (Elon Muck) গুরুদায়িত্ব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি যে তাঁর খুবই কাছের, সে প্রমাণও মিলেছিল। কিন্তু কয়েক মাস যেতেই মোহভঙ্গ! ট্রাম্প সরকার থেকে অব্যাহতি নিলেন মাস্ক। এই সিদ্ধান্তের পর তিনি নিজেই জানান, তাঁর 'নির্ধারিত সময়' শেষ হয়েছে। ঠিক কী কারণে মাস্ক ট্রাম্পের সঙ্গ ছাড়লেন সেটা স্পষ্ট নয়।
'বিশেষ আস্থাভাজন' মাস্ককে নিজের অন্যতম পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিলেন ট্রাম্প। শুধু তাই নয়, মার্কিন প্রশাসনের অর্থনৈতিক ইস্যুতে বিশেষ নজরদারির জন্য আলাদা দফতরও তৈরি হয়েছিল মাস্কের নেতৃত্বে। যার নাম ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ (DOGE)। সেই দফতরে একাধিকজনকে ইতিমধ্যে নিয়োগও করা হয়েছে। কিন্তু আচমকাই ট্রাম্প সরকারের থেকে দূরত্ব বাড়িয়ে নিলেন মাস্ক।
কিন্তু ঠিক কী কারণে এই সিদ্ধান্ত টেসলা কর্তার? বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ট্রাম্পের সঙ্গে কিছু বিষয় নিয়ে মতবিরোধ থেকেই মাস্ক এই সিদ্ধান্ত নিয়েছেন। আসলে সম্প্রতি জনকল্যাণমূলক কাজে সংস্কারের জন্য একটি বিলে সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে প্রকাশ্যে তার বিরোধিতা করেন মাস্ক। বিলটি পুনর্বিবেচনা করার কথাও বলেছিলেন। কিন্তু তেমনটা কিছু হয়নি। মনে করা হচ্ছে, সেই থেকে সরকারের প্রতি তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। অবশেষে সেখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত।
সংশ্লিষ্ট ওই বিল নিয়ে ট্রাম্পের 'বন্ধু'র বক্তব্য ছিল, রাজকোষ ঘাটতি আরও বাড়বে এবং তাঁর নিয়ন্ত্রণাধীন দফতরের কাজে বাধা আসবে। কিন্তু হোয়াইট হাউস তা মানতে রাজি ছিল না। যদিও আদতে এই কারণেই মাস্ক সরলেন কিনা, তা স্পষ্ট নয়। কেউ কেউ মনে করছেন, পুরোপুরি নিজের ব্যবসাতেই মনোনিবেশ করতে চাইছেন স্পেস এক্স-এর মালিক।