কর্ণাটকের কালাবুরগির ডেপুটি কমিশনার ফৌজিয়া তারান্নুমকে নিয়ে বিতর্কে জড়ালেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধান পরিষদীর সদস্য এন রবিশ কুমার।

ফৌজিয়া তারান্নুম
শেষ আপডেট: 28 May 2025 11:50
দ্য ওয়াল ব্যুরো: কর্ণাটকের কালাবুরগির ডেপুটি কমিশনার ফৌজিয়া তারান্নুমকে (Fouzia Tarannum) নিয়ে বিতর্কে জড়ালেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধান পরিষদীর সদস্য এন রবিশ কুমার (MLC N Ravikumar)। তাঁর মন্তব্য ছিল ফৌজিয়া পাকিস্তান থেকে এসেছেন। এই ঘটনার পর তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, ২৪ মে বিজেপির এক বিক্ষোভ কর্মসূচিতে ফৌজিয়া সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন রবিশ কুমার।
তিনি অভিযোগ করেন, ওই আইএএস আধিকারিক কংগ্রেস দলের নির্দেশে কাজ করছেন। সেই সূত্রেই তিনি বলেন, ‘‘ওঁর ব্যবহার দেখে মনে হচ্ছে উনি পাকিস্তান থেকে এসেছেন।’’ মঙ্গলবার এন রবিশ কুমারের বিরুদ্ধে কালাবুরগির স্টেশন বাজার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিতর্ক ঘনিয়ে উঠতেই বিবৃতি দিয়ে ক্ষমা চান রবিশ কুমার। তিনি দাবি করেন, মন্তব্যটি ছিল ‘অসাবধানতাবশত মুখ ফস্কে বেরিয়ে যাওয়া কথা’। ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আইএএস অফিসার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, ‘‘ফওজিয়া তারানুম, আইএএস, একজন সৎ, নিষ্ঠাবান এবং দক্ষ প্রশাসক। রবিশ কুমারের মন্তব্য অযৌক্তিক, ভিত্তিহীন এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। এই ধরনের উসকানিমূলক বক্তব্য কর্তব্যরত সরকারি আধিকারিকদের সম্মানহানির পাশাপাশি তাঁদের মানসিকভাবে আঘাত করে।’’
তারা আরও জানিয়েছে, ফওজিয়া তারানুমের পাশে দৃঢ়ভাবে রয়েছে সংগঠনটি। সংগঠনের দাবি, রবিশ কুমার যেন নিঃশর্তভাবে ক্ষমা চান। এদিকে, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রবিশ কুমারের মন্তব্যকে ‘অসহনীয়’ বলে আখ্যা দিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘‘এ ধরনের বক্তব্য ঘৃণা ছড়ায়। পুলিশ তাই তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। আমি এই মন্তব্যের তীব্র নিন্দা করছি।’’ তবে বিতর্ক নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দেননি ফৌজিয়া। তিনি শুধু বলেন, “আমি চাই আমার কাজই আমার হয়ে কথা বলুক।”
কে ফৌজিয়া তারান্নুম?
ফৌজিয়া তারান্নুম ২০১৫ ব্যাচের আইএএস আধিকারিক। বর্তমানে কর্নাটকের কালাবুরগি জেলার ডেপুটি কমিশনার ও জেলা শাসকের পদে আছেন। ২০২৪ সালের নির্বাচনে ইলেকটোরাল রোল ব্যবস্থাপনার জন্য তাঁর অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের জানুয়ারিতে রাষ্ট্রপতির হাত থেকে ‘বেস্ট ইলেকটোরাল প্র্যাকটিসেস অ্যাওয়ার্ড’ পান।
২০১১ সালে তিনি প্রথমে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে (IRS) নির্বাচিত হয়েছিলেন। পরে আইএএস হওয়ার লক্ষ্যে আবার পরীক্ষা দিয়ে ২০১৪ সালে সাফল্য পান। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ‘কালাবুরগি রুটি’-কে একটি ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে এবং এলাকার খাদ্য তালিকায় আবার বাজরা ও অন্যান্য মিলেট ফিরিয়ে আনতেও গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। এর জন্য তাঁকে ‘এক্সেলেন্স ইন গভর্ন্যান্স অ্যাওয়ার্ড’-এও সম্মানিত করা হয়েছে।