মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অনীহা এবং লাগাতার উইক্রেনে হামলার প্রেক্ষিতে ট্রাম্প বলেন, 'পুতিন আগুন নিয়ে খেলছেন।'

ট্রাম্প ও পুতিন
শেষ আপডেট: 28 May 2025 08:44
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত রাজধানী কিয়েভ-সহ উইক্রেনের একাধিক এলাকায় এয়ার স্ট্রাইক চালায় রাশিয়া। মৃত্যু হয় কমপক্ষে ১২ জনের। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বেশ কিছু এলাকায়। যুদ্ধবিরতি নিয়ে কথা চলাকালীন, পুতিনের এহেন আচরণের তীব্র নিন্দা জানায় আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'রাশিয়ার শেষের শুরু' বলে হুঁশিয়ারিও দেন। এবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে ক্রমশ বেড়ে চলা সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক করলেন কড়া ভাষায়।
মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অনীহা এবং লাগাতার উইক্রেনে হামলার প্রেক্ষিতে ট্রাম্প বলেন, 'পুতিন আগুন নিয়ে খেলছেন।'
ট্রুথ সোশ্যালে এনিয়ে মঙ্গলবার পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। লেখেন, 'ভ্লাদিমির পুতিন বুঝতে পারছেন না, আমি না থাকলে, রাশিয়ার সঙ্গে ঠিক কী হত। অনেক খারাপ কিছু ঘটে যেতে পারত। আমি জোর দিয়ে বলছি সত্যিই খুব খারাপ কিছু হতে পারত। উনি এখন আগুন নিয়ে খেলছেন।'
রবিবার ট্রাম্প পুতিনের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা শেয়ার করেছিলেন। জানিয়েছিলেন, রুশ প্রেসিডেন্টকে বহু বছর ধরে তিনি চেনেন। কিন্তু এই রূপ নতুন। এটা আগে দেখেননি। রাশিয়ার যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ও আন্তর্জাতিকভাবে ৩০ দিনের যুদ্ধবিরতির আবেদন উপেক্ষা করায় ট্রাম্প অসন্তুষ্ট হন। পুতিনকে 'পাগল' বলে উল্লেখ করেন।
এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ টুইট বার্তায় লেখেন, 'ট্রাম্প বলেছেন পুতিন আগুন নিয়ে খেলছেন এবং রাশিয়ার সঙ্গে খুব খারাপ কিছু ঘটবে। আমি জানি, খুব খারাপ মানে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। আমি আশা করি ট্রাম্প এটা বুঝতে পেরেছেন।'
এই বাকযুদ্ধের কয়েকদিন আগেই ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রায় দু'ঘণ্টার ফোনালাপ হয়, যেখানে একটি ভবিষ্যৎ শান্তিচুক্তির সম্ভাবনার কথাও ওঠে। ওই কথোপকথনের পর পুতিন প্রকাশ্যে বলেন, 'রাশিয়া যুদ্ধবিরতির শর্ত নির্ধারণে একটি স্মারকলিপির খসড়া তৈরির প্রক্রিয়ায় রয়েছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে বাস্তবে কিছু এগোয়নি।'
ইউক্রেন আপাতত অবিলম্বে ও নিঃশর্তভাবে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে। কিন্তু ক্রেমলিন জানাচ্ছে, তারা এখনও ওই শান্তিপত্র নিয়ে 'কাজ করছে।' নির্দিষ্টভাবে কোনও সময়সীমা উল্লেখ করা হয়নি।