তাঁর এই বিপুল সম্পদের পিছনে বড় ভূমিকা রয়েছে টেসলার শেয়ারবাজারে তীব্র উত্থানের। পাশাপাশি মাস্কের বহুমুখী ব্যবসায়িক সাম্রাজ্য - বিদ্যুৎচালিত গাড়ি, মহাকাশ সংস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তা একযোগে তাঁর সম্পত্তি বাড়িয়েছে।

ইলন মাস্ক
শেষ আপডেট: 2 October 2025 10:16
দ্য ওয়াল ব্যুরো: আবার ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। তিনিই বিশ্বের প্রথম মানুষ যার সম্পত্তি ৫০০ বিলিয়ন ডলার (500 Billion Dollars) ছুঁয়েছে। শুধু তাই নয়, মাস্কই পৃথিবীর প্রথম মানুষ হতে পারেন যিনি 'ট্রিলিয়নিয়ার' (Trillionaire) হওয়ার পথে। ফোর্বসের সাম্প্রতিক তথ্য এমনই বলছে।
টেসলার সিইও ইলন মাস্কের বুধবার মার্কিন সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ৪৯৯.৫ বিলিয়ন ডলার। অর্থাৎ তিনি বিশ্বের প্রথম মানুষ, যিনি অর্ধ ট্রিলিয়ন ডলারের ব্যক্তিগত সম্পত্তির দোরগোড়ায় পৌঁছন।
তাঁর এই বিপুল সম্পদের পিছনে বড় ভূমিকা রয়েছে টেসলার (Tesla) শেয়ারবাজারে তীব্র উত্থানের। পাশাপাশি মাস্কের বহুমুখী ব্যবসায়িক সাম্রাজ্য - বিদ্যুৎচালিত গাড়ি, মহাকাশ সংস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তা একযোগে তাঁর সম্পত্তি বাড়িয়েছে।
মাত্র কয়েক বছরের ব্যবধানে মাস্কের এই উত্থান নজিরবিহীন। ২০২০ সালের মার্চে তাঁর সম্পত্তি ছিল ২৪.৬ বিলিয়ন ডলার। সেই বছর অগস্টেই তিনি ১০০ বিলিয়ন ডলারের গণ্ডি পার করেন। ২০২১ সালের সেপ্টেম্বরে তা দাঁড়ায় ২০০ বিলিয়নে, নভেম্বরে ৩০০ বিলিয়ন এবং ২০২৪ সালের ডিসেম্বর নাগাদ ৪০০ বিলিয়ন। আর এখন, এক বছরেরও কম সময়ে অর্ধ ট্রিলিয়ন ডলার ছুঁয়ে ফেলেছেন মাস্ক।
বিশেষজ্ঞদের ধারণা, এই ধারা বজায় থাকলে আগামী ২০৩৩ সালের মার্চ মাসেই মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম 'ট্রিলিয়নিয়ার' (Trillionaire)।
এ মুহূর্তে মাস্কের পিছনে রয়েছেন ওরাকল সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, তাঁর সম্পদ ৩৫১.৫ বিলিয়ন ডলার। অর্থাৎ মাস্কের থেকে প্রায় ১৫০ বিলিয়ন ডলার পিছিয়ে তিনি।
টেসলা এখনও মাস্কের সম্পদের সবচেয়ে বড় উৎস। এ বছর এখন পর্যন্ত কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১৪ শতাংশের বেশি। বুধবারের প্রায় ৪ শতাংশ উত্থানেই মাস্কের সম্পত্তি এক দিনে বেড়েছে প্রায় ৯.৩ বিলিয়ন ডলার।
এদিকে তাঁর আরেক প্রকল্প স্পেসএক্স-এর (Space X) বাজারমূল্যও চড়ছে হু হু করে। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই রকেট কোম্পানির সর্বশেষ মূল্যায়ন দাঁড়িয়েছে ৪০০ বিলিয়ন ডলারে, যা ২০২৪ সালের ডিসেম্বরের ৩৫০ বিলিয়ন থেকে আরও ৫০ বিলিয়ন বেশি। কোম্পানির ৪২ শতাংশ মালিকানা মাস্কের হাতে, যার আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ১৬৮ বিলিয়ন ডলার।
মাস্কের এই উত্থান বিশ্বব্যাপী ধনকুবেরদের তালিকায় এক নতুন অধ্যায় যোগ করল।