রাশিয়ার অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ বিভাগ ইতিমধ্যে একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, সেভেরো-কুরিলস্ক শহরের একাংশ জলের তলায়।

ফাইল ছবি
শেষ আপডেট: 30 July 2025 11:31
দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার (Russia) কামচাটকা উপদ্বীপ (Kamchatka)। রিখটার স্কেলে কম্পনের (Earthquake) মাত্রা ছিল ৮.৮। রেকর্ড বলছে, এটি ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্পগুলির একটি। কম্পনের জেরে রাশিয়ার পূর্ব উপকূলীয় শহর সেভেরো-কুরিলস্কে আছড়ে পড়ে চার মিটার উঁচু সুনামির ঢেউ (Tsunami)। সমুদ্রের জল ঢুকে পড়ে শহরের একাধিক বাড়িতে।
রাশিয়ার অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ বিভাগ ইতিমধ্যে একটি ভিডিও (Video) প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, সেভেরো-কুরিলস্ক শহরের একাংশ জলের তলায়। প্রায় ২ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রক। কয়েকজন আহত হয়েছেন ঠিকই, তবে গুরুতর কেউ নন বলেই জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোদভ বাসিন্দাদের উপকূল এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। টেলিগ্রামে পোস্ট করা বার্তায় তিনি লেখেন, “তীব্র সুনামি সতর্কতা জারি হয়েছে। ঢেউয়ের শক্তি এখনও পরিমাপ করা হচ্ছে। যাঁরা উপকূলবর্তী অঞ্চলে রয়েছেন, অনুগ্রহ করে দূরে থাকুন এবং ঘোষণা মেনে চলুন।”
স্থানীয় এক বাসিন্দা জানান, কম্পনের সময় বাড়ির দেওয়াল কাঁপছিল। তিনি বলেন, “ভাগ্যিস আমরা আগে থেকে একটা ব্যাগ তৈরি করে রেখেছিলাম, যাতে জল আর জামাকাপড় ছিল। সঙ্গে সঙ্গে সেটা নিয়ে বেরিয়ে পড়ি। খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল।”
তথ্য বলছে, ১৯৫২ সালের পর কামচাটকা অঞ্চলে সবচেয়ে প্রবল ভূমিকম্প হয়েছে এটি। প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে, আগামী দিনে একাধিক আফটারশক হতে পারে, যার মাত্রা ৭.৫ পর্যন্ত পৌঁছতে পারে। ইতিমধ্যেই ৬.৯ এবং ৬.৩ মাত্রার আফটারশক হয়েছে।
❗️Huge List Of Warnings & Advisories Reveals Severity Of #Tsunami Following Massive M8.7 Earthquake Hit Kamchatka
🇷🇺 Russia (Kamchatka, Kuril Islands)
🇯🇵 Japan (coastal regions: Hokkaido, Pacific coast)
🇺🇸 United States
- Hawaii (warning)
- Alaska (Aleutians, warning/advisory)… pic.twitter.com/pcbubiqBkF— RT_India (@RT_India_news) July 30, 2025
মার্কিন ভূতাত্ত্বিক দফতরের (USGS) মতে, এই কম্পনের উৎসস্থল ১৯৫২ সালের সেই ভয়াবহ ৯.০ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি, যার জেরে গোটা প্রশান্ত মহাসাগর জুড়ে ধ্বংসাত্মক সুনামি হয়েছিল।
সতর্কতা জারি হয়েছে জাপান, হাওয়াই-সহ প্রশান্ত মহাসাগরের একাধিক অঞ্চলে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বিভিন্ন দেশের আবহাওয়া ও দুর্যোগ মোকাবিলা সংস্থা।