গত কয়েক দিন ধরে একাধিক ইস্যুতে আলোচনায় মেসি। মায়ামির হয়ে এমএলএসের অল স্টার ম্যাচে নামেননি। কোচের সম্মতিক্রমে। যদিও তাতে এক ম্যাচ নির্বাসনের সাজা পেতে হয়েছে।
.jpeg.webp)
সস্ত্রীক মেসি
শেষ আপডেট: 28 July 2025 16:21
দ্য ওয়াল ব্যুরো: মঞ্চে বাজছে ‘ফিক্স ইউ’। আলোঝলমলে মায়ামির হার্ড রক স্টেডিয়াম। হঠাৎই জমকালো কনসার্টের চমকালো জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠলেন মেসি। সেই চর্চিত কিসক্যামে। কয়েক দিন আগেই ফাঁদে বন্দি হয়ে সংসার ভেঙেছে, চাকরি খুইয়েছেন অ্যাসট্রোনোমি সংস্থার সিইও!
এবার সেই একই ক্যামেরায় ধরা দিলেন লিও। কিন্তু পরস্ত্রীকে জড়িয়ে নয়। পাশেই দাঁড়িয়ে সহধর্মিণী আন্তোনেলা রোক্কুসো। বিশালাকার স্ক্রিনে দম্পতির মুখ ভেসে উঠতেই যেন বিস্ফোরণ ঘটল গ্যালারিতে। ‘মেসি! মেসি!’ জনগর্জনে কেঁপে উঠল গোটা স্টেডিয়াম।
গত কয়েক দিন ধরে একাধিক ইস্যুতে আলোচনায় মেসি। মায়ামির হয়ে এমএলএসের অল স্টার ম্যাচে নামেননি। কোচের সম্মতিক্রমে। যদিও তাতে এক ম্যাচ নির্বাসনের সাজা পেতে হয়েছে। চলতি মরশুমে ইউরোপ পাড়ি দেবেন কি না তাই নিয়েও বাতাসে নানান গুঞ্জন। শোনা যাচ্ছে, ছাব্বিশের বিশ্বকাপের জন্য নিজকে ফিট রাখতে ইতালির কোমোর হয়ে সই করতে পারেন আর্জেন্তিনীয় তারকা। সেই দলের দায়িত্ব রয়েছেন মেসির একদা সতীর্থ সেস ফ্যাব্রেগাস।
দুটো খবরই অপ্রত্যাশিত ছিল। এবার ফের একবার অনুমানের বাইরের কারণে শিরোনামে মেসি। এর আগে খুব একটা কনসার্টে যোগ দিতে দেখা যায়নি যাঁকে, সেই তিনিই হাজির হার্ড রক স্টেডিয়ামে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কোল্ডপ্লের কনসার্টে চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক। পরনে সাদামাটা পোশাক। স্ক্রিনে অবয়ব ভেসে উঠতেই একচিলতে হাসি আর লাজুক ইশারায় দর্শকদের দিকে হাত নাড়ান। তারপর উচ্ছ্বাস, চিৎকার! যেন থামতেই চাইছে না অনুরাগীদের উল্লাস। পাশে দাঁড়িয়ে আন্তোনেলা। হাসিতে চোখমুখ উজ্জ্বল। গানের তালে তাল মিলিয়ে আমুদে চেহারা।
এই সময়েই মঞ্চ থেকে গলা মেলালেন কনসার্টের আসল তারকা, কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন। বলে উঠলেন, ‘লিও, আমার ভাই। তোমায় আর তোমার স্ত্রীকে আজ কী অপূর্ব দেখাচ্ছে! আমাদের ব্যান্ডের গান শুনতে আসার জন্য ধন্যবাদ। তুমি দুনিয়ার শ্রেষ্ঠ ক্রীড়াবিদ। এক নম্বর!’
মার্টিনের এই স্তুতিতে বিগলিত সোশ্যাল মিডিয়া। কিস ক্যামের কেচ্ছায় নয়, বরং স্ত্রীকে পাশে নিয়ে স্বচ্ছ ভাবমূর্তিতে ধরা দিয়েছেন মেসি। কেউ লিখেছেন, ‘ওহ! দারুণ লাগছে... মেসির লুকোবার কিছু নেই!’ আরেকজনের মন্তব্য, ‘কোল্ডপ্লেও জানে কে বিশ্বের সেরা!’ কিংবা ‘মাঠের মধ্যে যেমন, মাঠের বাইরেও তেমনই উপভোগ করছেন জীবন!’
Coldplay x Leo Messi x Antonela ❤️ pic.twitter.com/iKQiuMDByQ
— Fan Club | Leo Messi 🔟 (@WeAreMessi) July 28, 2025
কোল্ডপ্লের ‘মিউজিক অফ দ্য স্ফেয়ার্স’ ওয়ার্ল্ড ট্যুরে যুক্তরাষ্ট্র-পর্বের শেষ স্টপেজ এই মিয়ামি কনসার্ট। ২৭ জুলাই, হার্ড রক স্টেডিয়ামে সফরের শেষ শো আয়োজিত হল। যদিও এই ট্যুর এর আগে নানা কারণে বিতর্কের কেন্দ্রে। সবচাইতে বড় ঘটনা ঘটেছে বোস্টনে। ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে চলছিল কনসার্ট। সেখানে কোল্ডপ্লের ‘কিস-ক্যামে’ ধরা পড়েন অ্যাস্ট্রোনোমি কোম্পানির সিইও অ্যান্ডি বাইরন এবং সংস্থার চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট। পর্দায় মুখ ভেসে উঠতেই বাইরন মাথা নামিয়ে লুকিয়ে যান। হাত দিয়ে মুখ ঢাকেন ক্রিস্টিনও। মঞ্চ থেকে ক্রিস মার্টিন ঠাট্টার সুরে বলে ওঠেন, ‘ওরা হয়তো লাজুক, নয়তো অবৈধ প্রেমে জড়িয়েছে!’
এই ঘটনাই তৈরি করে আরেক ভাইরাল অধ্যায়। নেটদুনিয়ায় যা ছড়িয়ে পড়ে ‘কোল্ডপ্লেগেট’ নামে। বানানো হয় অজস্র মিম। সহকর্মীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের এহেন পর্দাফাঁস বিতর্কের জন্ম দেয়। যার জেরে চাকরি হারান দুজন। ব্রায়ান অতিসম্প্রতি কোল্ডপ্লের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন!