বৈঠকে উপস্থিত ইউক্রেনীয় কর্মকর্তারা যখন সাম্প্রতিক ফ্রন্টলাইনের মানচিত্র দেখান, ট্রাম্প সেটি পাশে সরিয়ে দিয়ে বলেন তিনি - এই মানচিত্র দেখে বিরক্ত।

ভলোদিমির জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 20 October 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) অবসান নিয়ে ওয়াশিংটনে ফের বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। কিন্তু সূত্রের খবর, আলোচনার পরিবেশ এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বৈঠক প্রায় গালিগালাজ ও চিৎকারে ভরে যায়!
সূত্রের দাবি, ট্রাম্প জেলেনস্কিকে রাশিয়ার শর্ত মেনে নেওয়ার জন্য জোর দেন, নইলে ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ইউক্রেনকে ধ্বংস করে দেবেন বলে সতর্ক করেন। ইউরোপীয় একাধিক কূটনৈতিক সূত্র বলছে, ট্রাম্প বৈঠকের মাঝেই বলেন, “যদি (পুতিন) সেটা চায়, সে তোমাকে ধ্বংস করে দেবে।”
বৈঠকে উপস্থিত ইউক্রেনীয় কর্মকর্তারা যখন সাম্প্রতিক ফ্রন্টলাইনের মানচিত্র (Frontline Map) দেখান, ট্রাম্প সেটি পাশে সরিয়ে দিয়ে বলেন তিনি - এই মানচিত্র দেখে বিরক্ত। এমনকী এও বলেন, লাল দাগটাই তিনি চিনতে পারছেন না যা যুদ্ধরেখা নির্দেশ করে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ট্রাম্প জেলেনস্কিকে নাকি সরাসরি পরামর্শ দিয়েছেন কিছু এলাকা রাশিয়ার হাতে ছেড়ে দিতে, যাতে যুদ্ধবিরতি সম্ভব হয়। বৈঠকের ঠিক আগেই ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই কথোপকথনেই নাকি পুতিন প্রস্তাব দেন, ইউক্রেন যদি দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল ছাড়ে, তবে রাশিয়া খেরসন ও জাপোরিঝিয়া প্রদেশের কিছু অংশ থেকে সেনা সরিয়ে নেবে।
ট্রাম্প পরে সাংবাদিকদের বলেন, “যুদ্ধ থামাতে এখনই সীমানা স্থির করা উচিত। পরে আলোচনা হতে পারে কে কী পাবে।” তবে তিনি অস্বীকার করেন যে জেলেনস্কিকে সম্পূর্ণ দোনবাস রাশিয়ার হাতে তুলে দিতে বলেছেন।
জেলেনস্কি অবশ্য দৃঢ় অবস্থানেই আছেন। রবিবার এক পোস্টে তিনি লেখেন, “ইউক্রেন কখনও সন্ত্রাসীদের অপরাধের বিনিময়ে ভূমি ছাড়বে না। আমরা আমাদের মিত্রদের উপর ভরসা রাখি, যারা এই নীতিতেই অটল।”
সূত্রের খবর, এই আলোচনাটি অনেকটা ফেব্রুয়ারির সেই উত্তপ্ত বৈঠকের মতো ছিল, যেখানে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে চরম ভর্ৎসনা করেছিলেন। তবে এবার পরিস্থিতি উত্তপ্ত হলেও আলোচনা সম্পন্ন করেছে দুই পক্ষ।
এক বিবৃতিতে জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জি–৭ দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা যুদ্ধ বন্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়। অন্যদিকে, এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, “আমি এখনো বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে শান্তি আনা সম্ভব। পুতিন কিছু একটা নেবেই — সে কিছুটা ভূখণ্ড ইতিমধ্যেই জিতে নিয়েছে।”
রাশিয়া ও আমেরিকার মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে পরবর্তী বৈঠক আগামী দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে হওয়ার কথা। এর আগে ১৫ আগস্ট আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকে পুতিন ট্রাম্পের তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।