প্রধানমন্ত্রী জানান, গভীর সমুদ্রের নিস্তব্ধতা আর ভোরের সূর্যোদয়ের দৃশ্য এই বছরের দীপাবলিকে আরও স্মরণীয় করে তুলেছে তাঁর কাছে।

নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 20 October 2025 12:00
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির (Diwali 2025) রীতি বজায় রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রতি বছরই তিনি ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে দিনটি কাটান। এবার নৌবাহিনীর (Indian Navy) সঙ্গে কাটালেন। গোয়া ও কারওয়ার উপকূলে আইএনএস বিক্রান্ত-এ (INS Vikrant) রবিবার রাত্রিযাপন করেছিলেন প্রধানমন্ত্রী। সোমবার সেখান থেকেই দেশবাসীর উদ্দেশে বার্তা দেন।
আইএনএস বিক্রান্ত-এর বুকে দাঁড়িয়ে নৌসেনার সাহস ও শৃঙ্খলাকে প্রশংসায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলির আগের রাত দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই বিমানবাহী রণতরীতে কাটানোর অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। তারপর সোমবার নৌসেনার সঙ্গে দীপাবলি উদযাপন করে প্রধানমন্ত্রী স্মরণ করেন ১৯৭১ সালের যুদ্ধের (1971 War) কথা। তাঁর কথায় উঠে আসে সিঁদুর অভিযান (Operation Sindoor) প্রসঙ্গও।
মোদী বলেন, ভারতের আইএনএস বিক্রান্তের (INS Vikrant) সামনে পাকিস্তান কার্যত হাঁটু গেড়ে বসে পড়েছিল। পড়শি দেশের ঘুম উড়ে গেছিল ভারতীয় নৌবাহিনীর শক্তি দেখে। নৌসেনার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “একদিকে সীমাহীন আকাশ, অন্যদিকে অন্তহীন সাগর - তার মাঝে দাঁড়িয়ে আমাদের শক্তির প্রতীক আইএনএস বিক্রান্ত।” মোদীর সংযোজন, “এই রণতরীতে কাটানো সময় আমাকে শিখিয়েছে বাঁচার গুরুত্ব। তোমাদের নিষ্ঠা এত গভীর যে আমি তার সামান্যই অনুভব করতে পেরেছি। কিন্তু বুঝতে পেরেছি, প্রতিদিন এইভাবে দায়িত্ব পালন করা কতটা কঠিন।”
প্রধানমন্ত্রী জানান, গভীর সমুদ্রের নিস্তব্ধতা আর ভোরের সূর্যোদয়ের দৃশ্য এই বছরের দীপাবলিকে আরও স্মরণীয় করে তুলেছে তাঁর কাছে। নৌসেনার সদস্যদের দেশপ্রেমের সঙ্গীত ও সিঁদুর অভিযানের মঞ্চায়ন দেখে প্রধানমন্ত্রী এও বলেন, “যুদ্ধক্ষেত্রে একজন সৈনিকের মনের অবস্থা ভাষায় প্রকাশ করা যায় না। আজ তোমাদের চোখে সেই জেদ, সেই গর্ব দেখলাম।”
#WATCH | "I am fortunate that this time I am celebrating this holy festival of Diwali among all you brave soldiers of the Navy", says Prime Minister Narendra Modi as he celebrates Diwali at INS Vikrant off the coast of Goa and Karwar pic.twitter.com/Df1hKpbkma
— ANI (@ANI) October 20, 2025
প্রধানমন্ত্রী মোদীর এই সফরকে কেন্দ্র করে নৌবাহিনীর ঘাঁটিতে উৎসবের আবহ। কর্তৃপক্ষের বক্তব্য, দেশের প্রথম স্বদেশী রণতরীতে প্রধানমন্ত্রীকে দীপাবলিতে স্বাগত জানানো তাদের কাছে গর্বের বিষয়।