রাশিয়া এবং চিনের সঙ্গে ভারতের সম্পর্কে রুষ্ট হয়ে ২৫ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বড় জরিমানার ঘোষণাও করেছেন তিনি।

শাহবাজ শরিফ এবং ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 31 July 2025 07:54
দ্য ওয়াল ব্যুরো: ভারতের (India) ওপর ২৫ শতাংশ শুল্ক (Tariff) এবং অতিরিক্ত জরিমানার কথা ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের (Pakistan) সঙ্গে নতুন বাণিজ্যিক চুক্তির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত পোস্ট করে তিনি বলেন, পাকিস্তানের বিশাল তেলভাণ্ডারের উন্নয়নের লক্ষ্যে মার্কিন প্রশাসন ও ইসলামাবাদ একসঙ্গে কাজ করবে (US-Pakistan Trade Deal)।
রাশিয়া এবং চিনের সঙ্গে ভারতের সম্পর্কে রুষ্ট হয়ে ২৫ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বড় জরিমানার ঘোষণাও করেছেন তিনি। তাঁর এই সিদ্ধান্তের বিরুদ্ধে নয়াদিল্লিও যে পদক্ষেপ নেবে, সেই ইঙ্গিত দিয়েছে। এদিকে আন্তর্জাতিক মহলে আরও চর্চা বেড়েছে আমেরিকা-পাকিস্তান চুক্তি হওয়ার পর। আর এই নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যা বক্তব্য তা আরও জল্পনা বাড়িয়েছে।
ট্রাম্পের কথায়, ভবিষ্যতে পাকিস্তান ভারতকেও তেল বিক্রি করতে পারে! সোশ্যাল মাধ্যমে তিনি লেখেন, “আমরা পাকিস্তানের সঙ্গে একটি নতুন চুক্তি করেছি। উভয় দেশ মিলে তাদের বিশাল তেল সম্পদ উন্নয়নের কাজ করবে। খুব শিগগিরই নির্ধারণ করা হবে কোন তেল সংস্থা এই প্রকল্পে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন ওরা ভারতের কাছেও তেল বিক্রি করবে!”
We are very busy in the White House today working on Trade Deals. I have spoken to the Leaders of many Countries, all of whom want to make the United States “extremely happy.” I will be meeting with the South Korean Trade Delegation this afternoon. South Korea is right now at a…
— Trump Truth Social Posts On X (@TrumpTruthOnX) July 30, 2025
ভারতের ওপর শুল্ক চাপিয়ে ট্রাম্পের বক্তব্য ছিল, 'ভারত বন্ধু হলেও তারা বহুদিন ধরেই আমেরিকার সঙ্গে সীমিত বাণিজ্য করে আসছে। ওরা চড়া শুল্ক এবং নানা রকম অ-মূল্যভিত্তিক বাণিজ্য বাধা তৈরি করে রেখেছে। ভারত এখনও রাশিয়া থেকে তেল আমদানি করছে। সেই কারণেই এই পদক্ষেপ।' এর জবাবে ভারতের তরফে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, 'ভারত ও আমেরিকা গত কয়েক মাস ধরে একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির উদ্দেশ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'
এসবের মধ্যে পাকিস্তানের সঙ্গে নতুন চুক্তি করে মার্কিন প্রেসিডেন্ট যে দাবি করেছেন - তা নিয়েই এখন আলোচনা সর্বত্র।