অপারেশন সিঁদুর ও ভারত-পাক উত্তেজনার সময়ে মোদী সরকারের ভূমিকায় প্রশ্ন তুলে সংসদে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। ট্রাম্পের দাবি খণ্ডন করতে মোদিকে আহ্বান কংগ্রেস নেতার।

রাহুল গান্ধী
শেষ আপডেট: 29 July 2025 20:11
দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর নিয়ে সংসদে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার সময় মোদী সরকার রাজনৈতিক সদিচ্ছার অভাবে পিছিয়ে এসেছিল। এমনকি পাকিস্তান যখন ভারতের কাছে আত্মসমর্পণের দাবি তোলে, মাত্র ৩০ মিনিটের মধ্যে তা মেনে নেওয়ার বার্তা পাঠানো হয়েছিল ইসলামাবাদে—এমন বিস্ফোরক দাবি করলেন রাহুল।
রাহুল বলেন, “আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৯ বার বলেছেন, তিনি যুদ্ধ থামিয়েছেন। যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ইন্দিরা গান্ধীর ৫০ শতাংশ সাহসও থাকে, তবে তিনি সংসদে দাঁড়িয়ে বলুন—‘ডোনাল্ড ট্রাম্প মিথ্যে বলছেন’। যদি সাহস থাকে, এখানেই বলুন, ট্রাম্প মিথ্যেবাদী।” বারবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, “কেন তিনি চুপ? যদি ট্রাম্প মিথ্যে বলেন, তাহলে তা সংসদে সরাসরি বলুন।”
এই বক্তব্যে রাহুল স্পষ্ট জানান, ভারতের প্রতিরক্ষা বাহিনী সীমিত হামলা চালিয়েছিল, কারণ তাঁদের কড়া নির্দেশ দেওয়া হয়েছিল পাকিস্তানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা বা সেনা ঘাঁটিতে আঘাত না করতে। তাঁর দাবি, “আমরা আক্রমণ চালালেও, আমাদের পাইলটদের হাত বাঁধা ছিল।”
তিনি আরও বলেন, “অপারেশন সিঁদুর শুরু হয় রাত ১টা ৫ মিনিটে এবং চলে ২২ মিনিট। অথচ রাত ১টা ৩৫ মিনিটে ভারতের তরফ থেকে পাকিস্তানকে জানানো হয়, আমরা কোনও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করিনি, যুদ্ধ বাড়াতে চাই না।”
রাহুল গান্ধীর অভিযোগ, সেই রাতেই ভারতের ডিজিএমও-কে নির্দেশ দেওয়া হয়েছিল পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির অনুরোধ করতে। তাঁর বক্তব্য, “এই ঘটনাগুলি প্রমাণ করে, মোদী সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে।”
শেষে রাহুল বলেন, “আমাদের এমন একজন প্রধানমন্ত্রী দরকার নয়, যাঁর সাহস নেই সংসদে দাঁড়িয়ে বলার যে ট্রাম্প মিথ্যে বলছেন। ট্রাম্প যেন না বলতে পারেন, যুদ্ধ আমি থামিয়েছি।”