মোদী সংসদে বলেন, বিশ্বের প্রায় সব দেশ ভারতকে এই অভিযানে সমর্থন করেছিল। শুধুমাত্র তিনটি দেশ পাকিস্তানের হয়ে কথা বলেছিল। আর কথা বলেছিল - কংগ্রেস।

নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 29 July 2025 20:01
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) নিয়ে ক্রমাগত মিথ্যে প্রচার করে গেছে। আর সেগুলিই দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছিল! সংসদে সিঁদুর অভিযান নিয়ে নিজের বক্তব্যে, কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিনি দাবি করেন, দেশের বিরোধী দলই আদতে পড়শি শত্রু দেশের হয়ে কাজ করছিল।
মোদী সংসদে (Parliament) বলেন, বিশ্বের প্রায় সব দেশ ভারতকে এই অভিযানে সমর্থন করেছিল। শুধুমাত্র তিনটি দেশ পাকিস্তানের হয়ে কথা বলেছিল। আর কথা বলেছিল - কংগ্রেস (Congress)। এই প্রসঙ্গে তাঁর কটাক্ষ, ''দুর্ভাগ্য, সব দেশ ভারতকে সমর্থন করলেও কংগ্রেসের সমর্থন মেলেনি।'' অভিযোগের সুরে তিনি এও বলেন, দেশের সেনার মনোবল কমিয়ে দিচ্ছিল কংগ্রেসের বক্তব্য। আসলে ভারতীয় সেনা বা শক্তির ওপর তাঁদের ভরসা নেই।
হাত শিবিরকে খোঁচা দিয়ে বিদেশনীতি প্রসঙ্গ তোলেন মোদী। বলেন, ২২ এপ্রিলের তিন চারদিন পর কংগ্রেস লাফাচ্ছিল। ৫৬ ইঞ্চি কোথায় - এই প্রশ্ন তুলেছিল। কিন্তু গোটা বিশ্ব যখন ভারতকে সমর্থন করছে সেই সময় তাঁদের আচরণ পাল্টে যায়। পরে ওরাই প্রমাণ চাইছিল, হামলার সত্যতা নিয়ে প্রশ্ন করছিল। মোদীর কথায়, ''খুবই খারাপ বিষয় যে, পাকিস্তানের মতো কংগ্রেস হামলার প্রমাণ চেয়েছে।''
কংগ্রেস সার্জিক্যাল স্ট্রাইকের ইস্যুতেও অনেক প্রশ্ন করেছিল। অতীতের কথা মনে করিয়ে মোদী বলেন, ''বিরোধীরা কেউ বলে ৩টে স্ট্রাইক করেছিল, কেউ বলে ১৫টা! আসলে যত বড় নেতা, তত বড় দাবি।'' পাকিস্তানের হাতে আটক হওয়া বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের প্রসঙ্গ টেনে মোদী দাবি করেন, ''সেই সময় কংগ্রেস খুব মজা পেয়েছিল। ভেবেছিল টাইট দেওয়া গেছে। সম্প্রতি বিএসএফ জওয়ান পাকড়াও হওয়ার সময়ও লাফিয়েছিল ওরা। কিন্তু দুই ক্ষেত্রেই বুক চওড়া করে ওঁদের ফিরিয়ে এনেছি।''
ভারতীয় সেনাকে প্রশংসায় ভরিয়ে নরেন্দ্র মোদী বলেন, ''১০০ শতাংশ সফল হয়েছে সেনা। যে ভাবে পরিকল্পনা করা হয়েছিল, সেভাবেই হামলা করা হয়েছে। এমন এমন জায়গায় হামলা হয়েছে যেখানে আগে কেউ ঢোকার কল্পনা পর্যন্ত করেনি।'' মোদীর আরও সংযোজন, ''জঙ্গি আক্রমণ আগেও হয়েছে দেশে। সে সময় জঙ্গিরা হামলা চালিয়ে নিশ্চিন্ত থাকত। কারণ জানত, পাল্টা আক্রমণ হবে না। বরং তারা পরবর্তী হামলার প্রস্তুতি নিত। আর এখন, জঙ্গিরা ঠিক মতো ঘুমোতে পারে না। কারণ জানে, ভারত আসবে, পাল্টা মেরে চলে যাবে।''