পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি ধ্বংসের জন্য 'অপারেশন সিঁদুর' অভিযান করেছিল ভারতীয় সেনা। সেই অভিযান নিয়ে মঙ্গলবার সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 29 July 2025 19:01
দ্য ওয়াল ব্যুরো: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Attack) ঘটনা ঘটেছিল। তারপর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি ধ্বংসের জন্য 'অপারেশন সিঁদুর' অভিযান (Operation Sindoor) করেছিল ভারতীয় সেনা (Indian Army)। সেই অভিযান নিয়ে মঙ্গলবার সংসদে (Parliament) বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বলেন, ''এমন হামলা করেছি যে কেউ কখনও ভাবতেও পারেনি।''
ভারতীয় সেনাকে প্রশংসায় ভরিয়ে নরেন্দ্র মোদী বলেন, ''১০০ শতাংশ সফল হয়েছে সেনা। যে ভাবে পরিকল্পনা করা হয়েছিল, সেভাবেই হামলা করা হয়েছে। এমন এমন জায়গায় হামলা হয়েছে যেখানে আগে কেউ ঢোকার কল্পনা পর্যন্ত করেনি।'' মোদীর আরও সংযোজন, ''জঙ্গি আক্রমণ আগেও হয়েছে দেশে। সে সময় জঙ্গিরা হামলা চালিয়ে নিশ্চিন্ত থাকত। কারণ জানত, পাল্টা আক্রমণ হবে না। বরং তারা পরবর্তী হামলার প্রস্তুতি নিত। আর এখন, জঙ্গিরা ঠিক মতো ঘুমোতে পারে না। কারণ জানে, ভারত আসবে, পাল্টা মেরে চলে যাবে।''
পাকিস্তানের তরফে পরমাণু হামলার হুঁশিয়ারি এসেছিল বলেও এদিন জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ''পরমাণু হুমকি এসেছিল। ৬ মে রাত এবং ৭ মে সকালে ভারত যা স্থির করেছিল, তা করে। পাকিস্তান কিছু করতে পারেনি। পাকিস্তানের কোণে কোণে জঙ্গিদের আড্ডা ধ্বংস করা হয়েছে।'' এই প্রসঙ্গে পাক সেনাকে কার্যত খোঁচা দিয়ে তিনি এও বলেন, পাকিস্তানের বায়ুসেনাঘাঁটিতে বড় ক্ষতি হয়েছে। এখনও কয়েকটি এয়ারবেস আইসিইউতে রয়েছে! পাশাপাশি এটাও মনে করিয়ে দেন, অপারেশন সিঁদুর এখনও চলছে। পাকিস্তান যদি আবার এমন কিছু হামলার ছক কষে, তাহলে কড়া জবাব পাবে।
সেনার অভিযান সম্পর্কে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, আত্মনির্ভর ভারতকে দুনিয়া চিনেছে। তাঁর বক্তব্য, ''মাত্র তিনটি ছাড়া পৃথিবীর কোনও দেশ পাকিস্তানের বিরুদ্ধে অভিযানে ভারতকে আটকায়নি। অন্যদিকে পাকিস্তান বুঝে গেছে, ভারতের তৈরি ক্ষেপণাস্ত্র কী করতে পারে।'' এই পরিপ্রেক্ষিতেই তাঁর সাফ কথা, ভারত কী করবে তার লক্ষ্য ঠিক ছিল। সেটাই হয়েছে।
সংসদের বক্তব্য থেকে পাকিস্তানের উদ্দেশেও কড়া বার্তা দেন নরেন্দ্র মোদী। স্পষ্টত বলেন - ভারত হামলা হলে নিজের মতো করে, নিজের শর্তে, নিজের সময়ে জবাব দিয়ে ছাড়ব। কোনও পরমাণু অস্ত্র দেখিয়ে ব্ল্যাকমেল করা চলবে না। ভারত ঝুঁকবে না।