রাষ্ট্রসংঘের মঞ্চে বিস্ফোরক ট্রাম্প! অভিযোগ, ইউক্রেন যুদ্ধের জন্য মোটা অঙ্কের অর্থ দিচ্ছে ভারত ও চিন। বিস্তারিত পড়ুন…

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 23 September 2025 20:46
দ্য ওয়াল ব্যুরো: ভারত ( India) রাশিয়া (Russia), চিনকে (Chaina) জড়িয়ে ফের গুরুতর অভিযোগ তুললেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় মার্কিন প্রেসিডেন্ট ভারতীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে (war agsinst Ukraine) রাশিয়াকে মোটা অঙ্কের অর্থ জুগিয়েছে মূলত ভারত ও চিন। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ফের দাবি করেছেন বিগত সাত মাসে।তিনি সাতটি যুদ্ধ থামিয়েছেন।
ট্রাম্পের অভিযোগ নিয়ে ভারত, রাশিয়া, চিনের প্রতিক্রিয়া পেতে অধীর অপেক্ষায় গোটা বিশ্ব। মঙ্গলবারই রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮০ তম অধিবেশন শুরু হয়েছে নিউইয়র্কে। মঙ্গলবার এই তিন দেশ বক্তা তালিকায় নেই৷ অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়া ও চিনের প্রেসিডেন্ট যথাক্রমে ভ্লাদিমির পুতিন এবং শি জিংপিন। ভারতের প্রতিনিধিত্ব করছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নিউইয়র্ক অথবা নয়াদিল্লি থেকে মঙ্গলবার রাতেই ভারতের প্রতিক্রিয়া দেওয়া হবে বলে সূত্রের খবর।
ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবারই প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ভাষণ দিচ্ছেন।
দ্বিতীয়বার দায়িত্ব নিয়েই তিনি ভারত-চিন-রাশিয়াকে নিশানা করছেন। বোঝাতে চাইছেন এই তিন দেশের বোঝাপড়া বিশ্ব রাজনীতি, অর্থনীতির অঙ্ক অনেকটা বদলে দিয়েছে, যা আমেরিকা এবং পশ্চিমা দূনিয়ার স্বার্থ বিরোধী। এর আগে মন্তব্য করেছিলেন এই তিন দেশই রসাতলে যাবে।
ভারতের উপর চাপানো ৫০ শতাংশ শুল্কের ২৫ শতাংশই জরিমানা। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, রাশিয়ার থেকে ভারত কম দামে জ্বালানি তেল কিনে মস্কোকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থ জোগাচ্ছে। সেই কারণেই ভারতীয় পণ্যের উপর ২৫ শতাং জরিমানা চাপিয়েছে হোয়াইট হাউস।
ট্রাম্প ভাষণে অভিবাসনকে গুরুতর আন্তর্জাতিক সমস্যা বলে চিহ্নিত করেন। বলেন, সব দেশের উচিত অভিবাসনকারীদের বিষয়ে সতর্ক হওয়া। প্রসঙ্গত, দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসেই ট্রাম্প আমেরিকার শ্রেষ্ঠত্ব স্থাপন করতে আর্থিক হাল ফেরাতে চাইছেন। সেই লক্ষ্যে বেআইনি অভিবাসীদের বের করে দিতে অভিযান শুরু করেছে মার্কিন প্রশাসন।