ভাষণে জাতিসংঘের ভূমিকা নিয়েও কটাক্ষ করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, “জাতিসংঘ চেষ্টা করেইনি এই যুদ্ধগুলিকে থামাতে। নিজেদের ক্ষমতা অনুযায়ী কোনও কাজ তারা করছে না। ফাঁকা কথা বলে যুদ্ধ থামানো যায় না।”

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 23 September 2025 20:57
দ্য ওয়াল ব্যুরো: জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) অধিবেশনে ফের বিতর্কিত মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর দাবি, বিগত কয়েক মাসে তিনি সাতটি যুদ্ধ থামিয়েছেন এবং তার মধ্যে অবশ্যই রয়েছে ভারত-পাকিস্তান সংঘাত (India Pakistan Conflict)।
ইউএন-এর ৮০তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, “মাত্র সাত মাসের মধ্যে আমি সাতটি যুদ্ধ (Seven Wars) আটকেছি। এরকম কাজ আগে কোনও প্রেসিডেন্ট তো দূরের কথা, কোনও বিশ্বনেতাও করতে পারেননি।”
যে যুদ্ধগুলিকে তিনি থামিয়েছেন বলে দাবি করেছেন, তার তালিকায় রয়েছে - ইজরায়েল-ইরান, ভারত-পাকিস্তান, রুয়ান্ডা-ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, থাইল্যান্ড-কাম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, মিশর-ইথিওপিয়া এবং সার্বিয়া-কসোভো।
ভাষণে জাতিসংঘের ভূমিকা নিয়েও কটাক্ষ করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, “জাতিসংঘ চেষ্টা করেইনি এই যুদ্ধগুলিকে থামাতে। নিজেদের ক্ষমতা অনুযায়ী কোনও কাজ তারা করছে না। ফাঁকা কথা বলে যুদ্ধ থামানো যায় না।”
এর আগে নিজেই যুদ্ধ থামানোর দাবি করে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের নিজের ভাষণে আবারও কার্যত সেই প্রশ্নই তুললেন তিনি। জানতে চাইলেন, এতগুলি যুদ্ধ থামানোর পরেও কেন তাঁকে এই পুরস্কার দেওয়া হবে না।
বেশিদিন নয়, গত মাসেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) সঙ্গে হোয়াইট হাউসে (White House) দ্বিতীয়বারের জন্য বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেও বিভিন্ন দেশের মধ্যে সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছিলেন তিনি।
ভারত-পাকিস্তান সংঘাত (India Pakistan Conflict) রুখে দেওয়ার কৃতিত্ব এর মধ্যে বহুবার নিয়ে ফেলেছেন ট্রাম্প। নয়াদিল্লি এই ব্যাপারটিকে নস্যাৎ করলেও মার্কিন প্রেসিডেন্ট থামেননি। এছাড়া রয়েছে ইজরায়েল-গাজা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ (Russia Ukraine War)। দুই ক্ষেত্রে এখনও শান্তি না ফিরলেও ট্রাম্প আশ্বস্ত করে বলেছেন, খুব তাড়াতাড়ি শান্তি ফিরবে। আর এই প্রসঙ্গেই তিনি ৬ মাসে ৬টি যুদ্ধ থামানোর কথা বলেন।
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছিলেন, 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমার নয়, বরং জো বাইডেনের জন্য হয়েছে। আমি এখানে এসেছি যুদ্ধ থামাতে। আমি প্রেসিডেন্ট হলে এ যুদ্ধ শুরুই হত না।” পাশাপাশি ট্রাম্পের সংযোজন, “যারা বছরের পর বছর ধরে এসব সংঘাত সামলাতে গিয়ে কিছুই করতে পারেনি, তারা একেবারে বোকা। কোনও জ্ঞান নেই, বুদ্ধি নেই। তারাই পরিস্থিতি আরও জটিল করেছে।''
তাঁর বার্তা ছিল, 'শেষ ৬ মাসে ৬টি যুদ্ধ থামিয়েছি আমি। তার মধ্যে একটা পারমাণবিক যুদ্ধ ছিল। আমি কী করেছি সেটা খুব ভাল করেই জানি।'