স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, এই ধরনের সংক্রমণ অত্যন্ত বিরল। গোটা আমেরিকায় প্রতি বছর ১০টিরও কম ঘটনা ধরা পড়ে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 August 2025 11:42
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার মিসৌরিতে এক বাসিন্দার মৃত্যু হল বিরল এক প্রাণঘাতী সংক্রমণে। মিসৌরি ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সিনিয়র সার্ভিসেস (DHSS) জানিয়েছে, ওই ব্যক্তি সম্ভবত লেক অব দ্য ওজার্কসে ওয়াটার স্কি করার সময় 'নাইগ্লেরিয়া ফোলেরি' (Naegleria fowleri) নামের এক অ্যামিবার সংস্পর্শে আসেন। এই অ্যামিবার কারণেই হয় প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গোএনসেফালাইটিস বা PAM, যাকে সাধারণভাবে "ব্রেন-ইটিং" রোগ বলা হয়।
গত ১৩ অগস্ট DHSS নিশ্চিত করে জানায়, ওই ব্যক্তি সত্যিই নাইগ্লেরিয়া ফোলেরি দ্বারা আক্রান্ত হয়েছিলেন। পরে সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে লেখা হয়, 'আমরা রোগীর প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।'
স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, এই ধরনের সংক্রমণ অত্যন্ত বিরল। গোটা আমেরিকায় প্রতি বছর ১০টিরও কম ঘটনা ধরা পড়ে। ১৯৬২ সাল থেকে এখনও পর্যন্ত ১৬৭টি কেস নথিভুক্ত হয়েছে। মিসৌরিতে এর আগে মাত্র দু’বার এমন ঘটনা ঘটেছিল, একবার ১৯৮৭ সালে এবং একবার ২০২২ সালে।
নাইগ্লেরিয়া ফোলেরি এককোষী জীব, যা সাধারণভাবে 'ব্রেন-ইটিং অ্যামিবা' নামে পরিচিত। কারণ, এটি একবার মানবদেহে প্রবেশ করলে মস্তিষ্কের টিস্যু নষ্ট করতে শুরু করে। সাধারণত নাক দিয়ে দূষিত জল শরীরে ঢুকলে সংক্রমণ হয়। তারপর ওই জীবাণু সোজা মস্তিষ্কে পৌঁছে গিয়ে ক্ষতি করে।
লক্ষণ সাধারণত এক থেকে বারো দিনের মধ্যে দেখা দেয়। শুরুতে মাথাব্যথা, জ্বর, বমি বা বমিভাবের মতো উপসর্গ হয়। ধীরে ধীরে গলা শক্ত হয়ে যাওয়া, খিঁচুনি, হ্যালুসিনেশন এমনকি কোমাতেও পৌঁছে যেতে পারে। বিশেষ করে গরমকালে, যখন জল উষ্ণ এবং স্তর নীচে নেমে যায়, তখন নদী বা হ্রদের জলে সাঁতার কাটতে গিয়ে এই সংক্রমণ হতে পারে।
ওই সংস্থা আরও জানিয়েছে, এই সংক্রমণ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়ায় না। এমনকি দূষিত জল খেয়ে ফেললেও সংক্রমণ হয় না। কেবল নাক দিয়ে জল ঢুকলেই ঝুঁকি থাকে।
চিকিৎসার জন্য সাধারণত অ্যান্টিফাঙ্গাল ওষুধের পাশাপাশি রিফ্যাম্পিন এবং অ্যাজিথ্রোমাইসিনের মতো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে।
সকলকে এর থেকে সাবধান হতে বলেছে স্বাস্থ্য দফতর। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নাকে জল ঢোকার সম্ভাবনা এড়াতে নোজ ক্লিপ ব্যবহার করা, অগভীর উষ্ণ জলে তলদেশ নাড়াচাড়া না করা, হট স্প্রিংসে মাথা ডুবিয়ে না রাখা এবং সাইনাস ধোয়ার জন্য সব সময় ফুটিয়ে নেওয়া বা ডিস্টিল্ড জল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
জানানো হয়েছে, আমেরিকার উষ্ণ মিষ্টি জলে নাইগ্লেরিয়া ফোলেরি থাকার সম্ভাবনা ধরে নিয়ে সাঁতার বা অন্যান্য গেম খেলা উচিত। তবে এও মনে রাখতে হবে, এই সংক্রমণ খুবই বিরল।