এই প্রথম সরাসরি নিজেদের সম্পর্ক নিয়ে চলা গুজব নিয়ে মুখ খুললেন ওবামা দম্পতি। এ বছরের শুরুতে মিশেল ওবামা প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিতে যাননি, ট্রাম্পের দ্বিতীয় শপথগ্রহণ অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন।

ফাইল ছবি
শেষ আপডেট: 17 July 2025 15:08
দ্য ওয়াল ব্যুরো: মাসের পর মাস ধরে চলা বিচ্ছেদের জল্পনায় (Divorce Rumour) অবশেষে নিজেরাই ইতি টানলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama) ও তাঁর স্ত্রী মিশেল ওবামা (Michelle Obama)। এক পডকাস্টে সরাসরি সেই গুজব নিয়ে মুখ খুললেন তাঁরা, তবে রসিকতার ছলে।
বুধবার মিশেলের ভাই ক্রেগ রবিনসনের পডকাস্ট (Podcast) শো - ‘আইএমও উইথ মিশেল ওবামা অ্যান্ড ক্রেগ রবিনসন’-এ অতিথি হয়ে এসেছিলেন ওবামা দম্পতি। সেখানেই তাঁদের সম্পর্ক নিয়ে চলা নানা জল্পনা নিয়ে খোলাখুলি কথা বলেন দু’জনে।
পডকাস্টের মাঝেই হেসে বারাক বলেন, “ও আমাকে আবার সুযোগ দিয়েছে! কিছু দিন তো খুবই চাপের মধ্যে ছিলাম।” তাঁর এই মন্তব্য শুনে বাকিরা হেসে ওঠেন।
মিশেলও থেমে থাকেননি। মৃদু হেসে যোগ করেন, “ও যে আমার স্বামী!” তখন ভাই ক্রেগ রসিকতা করে বলেন, “দু’জনকে একসঙ্গে দেখে বেশ ভালো লাগছে।” মিশেলের জবাব, “হ্যাঁ, কারণ আমরা যদি একসঙ্গে না থাকি, লোকে ধরে নেয় আমাদের বিচ্ছেদ হয়ে গেছে।”
এই প্রথম সরাসরি নিজেদের সম্পর্ক নিয়ে চলা গুজব নিয়ে মুখ খুললেন ওবামা দম্পতি। এ বছরের শুরুতে মিশেল ওবামা প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিতে যাননি, ট্রাম্পের দ্বিতীয় শপথগ্রহণ অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন। তার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁদের বিবাহিত জীবনে টানাপোড়েনের জল্পনা চলছিল।
পডকাস্টে ক্রেগ জানান, একবার বিমানবন্দরে এক অপরিচিত ব্যক্তি তাঁকে আচমকা জিজ্ঞাসা করেন, “ও কী করেছে? (বারাক ওবামা)” এই গুজব যে কতটা ছড়িয়েছে, তা বোঝাতে এই ঘটনার উল্লেখ করেন তিনি।
এই বিষয়ে বারাক বলেন, “এই সব ব্যাপার আমি সাধারণত খেয়ালই করি না। পরে কেউ বললে বুঝি, আর ভাবি— কী কথা বলছে ওরা?”
তবে শুধু রসিকতা নয়, বারাককে নিয়ে মিশেল দেন এক আবেগঘন বার্তাও। বলেন, “আমাদের দাম্পত্য জীবনে এমন একটাও মুহূর্ত আসেনি, যখন মনে হয়েছে ওকে ছেড়ে দেব। কঠিন সময় গেছে, আবার দারুণ মুহূর্তও কেটেছে। অনেক সুন্দর অভিজ্ঞতা হয়েছে। আমি যে মানুষ হয়ে উঠেছি, তার পেছনে ওর অবদান রয়েছে।”
সম্পর্ক ভাঙার গুজবকে বুড়ো আঙুল দেখিয়ে ওবামা দম্পতি বুঝিয়ে দিলেন, তাঁদের বন্ধন আজও আগের মতোই অটুট।