অসমের মানিক আলী বিবাহবিচ্ছেদের পর ৪০ লিটার দুধে স্নান করে ‘স্বাধীনতা’ উদযাপন করলেন। ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়াল সোশ্যাল মিডিয়ায়।

দুধে স্নান!
শেষ আপডেট: 14 July 2025 16:44
দ্য ওয়াল ব্যুরো: নিজের ‘স্বাধীনতা’ উদযাপন করতে ৪০ লিটার দুধ ঢেলে স্নান করলেন সদ্য বিবাহবিচ্ছিন্ন এক যুবক! অসমের নলবাড়ির এই অদ্ভুত ঘটনা নিয়ে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া, ভাইরাল ভিডিও ঘুরছে নেট দুনিয়ার কোণে কোণে।
ভিডিওতে দেখা যাচ্ছে, নলবাড়ির বাসিন্দা মানিক আলী চারটি বড় বালতির সামনে দাঁড়িয়ে আছেন। প্রতিটি বালতিতে ১০ লিটার করে দুধ। সব মিলিয়ে ৪০ লিটার! এবং সেই সব দুধ নিজের গায়ে ঢেলে উদযাপন করছেন সদ্য পাওয়া মুক্তি। ভিডিওতে হাসিমুখে তাঁকে বলতে শোনা যায়— 'আজ থেকে আমি স্বাধীন!'
দেখুন সেই ভিডিও।
"I am FREE"
Man bath with 40 litres of milk celebration his #Divorce
Fed-up from repeated elopements by his wife, he took #Divorce
Despite forgiving her for their daughter's sake, legal issues eventually forced closure
With four buckets of milk, Manik said goodbye to his past pic.twitter.com/xboBW8rNsj— No Wife Happy Life 💯 (@MenTooHuman) July 12, 2025
এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চমকে উঠেছেন বহু মানুষ। কেউ একে বলছেন ‘ওভার রিঅ্যাকশন’, কেউ আবার বলছেন ‘স্বাধীনতার উল্লাস’। তবে কেন এমন অভিনব পন্থায় উদযাপন করলেন মানিক?
স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকের দাম্পত্য জীবনে ঝঞ্ঝাট লেগেই ছিল। লাগাতার ঝগড়া-অশান্তিতে তাঁদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে উঠেছিল যে অন্তত দু’বার স্বেচ্ছায় ঘর ছেড়ে চলে যান স্ত্রী। এমনকী, বারবার তিনি নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে যান বলেও দাবি মানিকের। তবুও কোনও সংঘাত সৃষ্টি না করে আইনি পথেই সমাধান খুঁজেছিলেন মানিক।
শেষমেশ বিবাহবিচ্ছেদের কাগজ হাতে পাওয়ার পর, পরিবারের সঙ্গে কোনও দ্বন্দ্বে না গিয়ে বরং একটি আলাদা ‘বার্তা’ দিতে চেয়েছেন তিনি। একক অস্তিত্বের জয়গান গাইতে চেয়েছেন নতুন জীবনের সূচনায়।
মানিক বলেন, 'আমি আজ থেকে মুক্ত। আমরা কোর্টে আইনি বিচ্ছেদ পেয়েছি। আমার অ্যাডভোকেট আমাকে জানায়। এই উপলক্ষে আমি ৪০ লিটার দুধ দিয়ে স্নান করি।'
তিনি আরও দাবি করেন, তাঁর স্ত্রী দু'বার নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। এরপর বহুবার সম্পর্ক মেরামতের চেষ্টা করেও শেষমেশ তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। সম্প্রতি কোর্ট তাঁদের বিচ্ছেদ অনুমোদন দেয়। তারপরই তিনি নিজের প্রতিশ্রুতি মতো দুধে স্নান করে এই ঘটনা উদযাপন করেন। স্থানীয়রাও এই দৃশ্য দেখতে ভিড় করেছিলেন।
মানিক বলেন, 'আমি বহু চেষ্টা করেছি তাঁকে সঙ্গে রাখার। কিন্তু সে বদলায়নি। বারবার পালিয়ে যাচ্ছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না।'
এই অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে মানিক যেন নিজের দীর্ঘ দাম্পত্য ক্লেশ, মানসিক যন্ত্রণা এবং সামাজিক চাপ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলেন। আর তার প্রতীক হিসেবে বেছে নিলেন দুধ, যা একাধারে বিশুদ্ধতার প্রতীক, আবার ভারতীয় উপমহাদেশে বহু সংস্কৃতিতে ‘পবিত্র স্নানের’ উপাদান হিসেবেও বিবেচিত।
তবে এমন কাণ্ড এই প্রথম নয়, আগেও দেখা গেছে। ঠিক কয়েকদিন আগেই মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আরিফুল মণ্ডল নামে এক যুবকও ঠিক একইভাবে বিবাহবিচ্ছেদের আনন্দে দুধে স্নান করেছিলেন। তখনও সেই ভিডিও ঘুরে বেড়িয়েছিল সোশ্যাল মিডিয়ার পর্দায়। এবার অসমের মানিক আলীর ঘটনা যেন সেই ‘ট্রেন্ড’-কে আরও এক ধাপ এগিয়ে দিল।
এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। কেউ বলছেন, “নিজেকে খুশি রাখার জন্য মানুষ কী না করে!”, আবার কেউ কটাক্ষ করে মন্তব্য করেছেন, “দুধ নষ্ট করে স্বাধীনতা আসে না ভাই!” অনেকে অবশ্য বলছেন, এই ধরনের ঘটনা সমাজের উপর চাপিয়ে দেওয়া বিবাহব্যবস্থা বা সম্পর্কের রীতিনীতির বিরুদ্ধে এক রকম ‘প্রতিবাদ’ও হতে পারে।