এই সিদ্ধান্তকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে ইসলামাবাদে জল্পনা ছিল তুঙ্গে। কারণ মুনিরের সেনাপ্রধান হিসেবে মূল তিন বছরের মেয়াদ শেষ হয়েছিল ২৯ নভেম্বর। ওই দিনই নতুন সিডিএফ পদে তাঁর নিয়োগপত্র দেওয়ার কথা ছিল।

আসিম মুনির
শেষ আপডেট: 5 December 2025 08:37
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) ক্ষমতার লড়াইয়ে বড় পরিবর্তন। সে দেশের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি (President Asif Ali Zardari) সম্প্রতি ঘোষণা করেছেন - ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরই (Asim Munir) হবেন দেশের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস (CDF)। তাঁর মেয়াদ পাঁচ বছর। একই সঙ্গে তিনি বহাল থাকবেন চিফ অব আর্মি স্টাফ (COAS)–এর দায়িত্বেও।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) মুনিরকে উভয় পদে নিয়োগ দেওয়ার সুপারিশ করে প্রস্তাব পাঠিয়েছিলেন - সেটিই মঞ্জুর করেছে রাষ্ট্রপতির দফতর। পাক প্রেসিডেন্টের সরকারি এক্স অ্যাকাউন্টে লেখা হয়েছে, “ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে COAS–এর পাশাপাশি CDF হিসেবেও পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।”
এই সিদ্ধান্তকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে ইসলামাবাদে জল্পনা ছিল তুঙ্গে। কারণ মুনিরের সেনাপ্রধান (Chief Of Pakistan Army) হিসেবে মূল তিন বছরের মেয়াদ শেষ হয়েছিল ২৯ নভেম্বর। ওই দিনই নতুন সিডিএফ পদে তাঁর নিয়োগপত্র দেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত শরিফ সরকার আরও বাড়তি ক্ষমতা তুলে দিল মুনিরের হাতে - যা পাকিস্তানের সামরিক–নাগরিক সম্পর্কের সমীকরণে একটি বড় ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।
এর মধ্যে আরও একটি বড় খবরে ইঙ্গিত মিলেছে যে, আসিম মুনির পাকিস্তানের আরও শক্তিশালী ব্যক্তিত্ব হতে চলেছেন। আসলে আর্থিক সঙ্কটে জর্জরিত পাকিস্তান সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) শর্ত মেনে তাদের জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (PIA)–কে বিক্রির পথে হেঁটেছে। যেসব সংস্থা বিডে অংশ নিতে যোগ্য হয়েছে, সেই তালিকার মধ্যে সবচেয়ে আলোচিত নাম ফৌজি ফাউন্ডেশন, যা পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী কর্পোরেট গ্রুপের অংশ।
তাৎপর্যপূর্ণ বিষয়, বহু দশক ধরে পাকিস্তানের সেনাবাহিনী ফাউন্ডেশনের সিদ্ধান্তে সরাসরি ও পরোক্ষ প্রভাব বিস্তার করে এসেছে। ফাউন্ডেশনের বোর্ডে সেনাপ্রধান জেনারেল আসিম মুনির না থাকলেও, তিনি ফাউন্ডেশনের শীর্ষ বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেন। তাই, পিআইএ বিক্রি হলে জাতীয় বিমান পরিবহণ সংস্থার নিয়ন্ত্রণ ঘুর পথে সেনাবাহিনীর হাতেই যেতে পারে বলে জল্পনা আরও জোরালো।
নতুন করে বেলআউট পেতে হলে পিআইএ (PIA) বিক্রি বাধ্যতামূলক - আইএমএফের এই শর্তই ইসলামাবাদকে দীর্ঘদিনের আতঙ্কিত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। দেশটির পতাকাবাহী বিমান সংস্থা বিক্রি করা হচ্ছে দুই দশকের মধ্যে প্রথম বড় বেসরকারিকরণ উদ্যোগ হিসেবে।
বুধবার ইসলামাবাদে (Islamabad) বিডারদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, ২৩ ডিসেম্বর পিআইএ–র নিলাম অনুষ্ঠিত হবে এবং দেশজুড়ে সংবাদমাধ্যমে এর লাইভ সম্প্রচার করা হবে।