তালিবান হামলায় নিহত হয়েছেন পাকিস্তানের মেজর মোইজ শাহ। ২০১৯ সালে অভিনন্দন বর্তমানকে আটক করেছিলেন তিনি। তাঁর শেষকৃত্যে অংশ নেন পাক সেনাপ্রধান আসিম মুনির।

আসিম মুনির এবং মোইজ শাহ।
শেষ আপডেট: 26 June 2025 13:07
দ্য ওয়াল ব্যুরো: পাক সেনাবাহিনীর নিহত মেজর মোইজ আব্বাস শাহর শেষকৃত্যে উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ২০১৯ সালে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানকে আটক করে খবরে এসেছিলেন ওই মেজর। মঙ্গলবার তালিবানি হামলায় প্রাণ হারান মোইজ শাহ।
এর পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, সেনাপ্রধান আসিম মুনির মোইজ শাহর শেষকৃত্যে নামাজ পড়ছেন। যদিও দ্য ওয়াল আলাদা করে এই ছবির সত্যতা যাচাই করতে পারেনি, তবে একাধিক সর্বভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর।

পাকিস্তানি মিডিয়ার দাবি অনুযায়ী, মঙ্গলবার তালিবানি হামলায় মোট ১৪ জন পাকিস্তানি সেনা নিহত হন। যদিও কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করছে, সারগোধা এলাকার ওই সংঘর্ষে ছ'জন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে মোইজ শাহ ছিলেন অন্যতম।
২০১৯ সালে পুলওয়ামা হামলার প্রতিক্রিয়ায় ভারতের বিমান অভিযানের সময় পাকিস্তানে আটক ভারতীয় বিমান-ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানকে সে দেশে আটকে রেখে পরিচিতি পান মেজর মোইজ আব্বাস শাহ। পরে আন্তর্জাতিক চাপে অভিনন্দনকে মুক্তি দিয়ে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান।
প্রসঙ্গত, এই ঘটনার কিছুদিন আগেই ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে সাক্ষাৎ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, ওই সাক্ষাতের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের টেলিফোনে কথোপকথন হয়, যেখানে মোদী স্পষ্ট করে বলেন, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি কিংবা ভারত-পাকিস্তান সংঘর্ষে মার্কিন মধ্যস্থতা নিয়ে কোনও আলোচনা হয়নি।
তবে ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনি ভারত-পাকিস্তান যুদ্ধ থামাতে মধ্যস্থতা করেছিলেন এবং এজন্য মোদী ও আসিম মুনির দু’জনকেই কৃতিত্ব দেন।
ট্রাম্প দাবি করেন, “আমি পাকিস্তানকে ভালোবাসি। মোদীও একজন চমৎকার মানুষ। আমরা বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছি। আমি পাকিস্তান-ভারতের যুদ্ধ থামিয়ে দিয়েছি। এই মানুষটি ও(মুনির) পাকিস্তানের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”