দেড়শো বছর পর স্পেনের রাজসিংহাসনে বসতে চলেছেন একজন রানি। মাত্র ২০ বছর বয়সি প্রিন্সেস লিওনরের কাঁধে গুরু দায়িত্ব।

প্রিন্সেস লিওনর
শেষ আপডেট: 15 January 2026 13:03
দ্য ওয়াল ব্যুরো: স্পেনের রাজসিংহাসনে ইতিহাস লিখতে চলেছেন প্রিন্সেস লেওনর (Princess Leonor)। বয়স মাত্র ২০। তবু তিনিই হতে পারেন দেশের পরবর্তী শাসক এবং প্রায় ১৫০ বছর পর স্পেন পেতে চলেছে রানি (Queen Regnant)। শেষবার এই সম্মান পেয়েছিলেন ইসাবেলা দ্বিতীয় (Isabella II), উনিশ শতকে।
বর্তমানে স্পেনের রাজা কিং ফেলিপে ষষ্ঠ (King Felipe VI)। তাঁর অবসর নেওয়া বা প্রয়াণের পরেই সিংহাসনে বসবেন লেওনর। নির্দিষ্ট সময়সীমা এখনও ঠিক না হলেও উত্তরাধিকার প্রশ্নে কোনও ধোঁয়াশা নেই। এই অভিষেক হলে, আধুনিক স্পেনের রাজতন্ত্রে তা হবে এক ঐতিহাসিক মুহূর্ত কারণ তিনি একাই শাসন করবেন স্পেনকে। প্রয়োজন হবে না কোনও রাজার।
কে এই প্রিন্সেস লেওনর?
২০০৫ সালের ৩১ অক্টোবর মাদ্রিদে জন্ম। মা কুইন লেতিজিয়া (Queen Letizia), পেশায় প্রাক্তন সাংবাদিক। বাবা রাজা ফেলিপে। ছোট বোন ইনফান্তা সোফিয়া (Infanta Sofía) জন্ম ২০০৭-এ। বর্তমানে লেওনর প্রিন্সেস অব আস্তুরিয়াস (Princess of Asturias) অর্থাৎ স্পেনের সিংহাসনের উত্তরাধিকারিণী।
পড়াশোনা ও প্রস্তুতি
মাদ্রিদের সান্তা মারিয়া দে লস রোসালেস স্কুলে (Santa María de los Rosales School) পড়াশোনা শুরু, যেখানে তাঁর বাবাও পড়তেন। পরে ওয়েলসের ইউডব্লিউসি আটলান্টিক কলেজ (UWC Atlantic College) থেকে ইন্টারন্যাশনাল ব্যাকালোরিয়েট (International Baccalaureate) করেন। আন্তর্জাতিক রাজনীতি ও সাংবিধানিক বিষয় ছিল তাঁর মূল সাবজেক্ট।
ভাষায়ও দারুণ দখল রয়েছে তাঁর। স্প্যানিশের পাশাপাশি কাতালান, ইংরেজি, ফরাসি, আরবি ও ম্যান্ডারিনে সাবলীল। মাত্র ১৩ বছর বয়সে প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ডসে (Princess of Asturias Awards) প্রথম বড় ভাষণ দিয়েছিলেন। এই পুরস্কার বিজ্ঞান ও মানববিদ্যার গুরুত্বপূর্ণ কাজকে স্বীকৃতি দেয়, নামকরণ হয়েছে তাঁর নামেই।
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ
স্পেনের আইনে সিংহাসনের উত্তরাধিকারীর জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। সেই নিয়ম মেনেই লেওনরের কঠোর প্রস্তুতি চলছে। ২০২৩ সালের অগস্টে জারাগোজায় আর্মিতে (Army) প্রশিক্ষণ শুরু। ২০২৪ সালে যান নেভির (Navy) ট্রেনিং, গালিসিয়ায়।
এই সময়েই তিনি আটলান্টিক পেরিয়ে ১৭,০০০ মাইল সমুদ্রযাত্রা করেন ঐতিহাসিক জাহাজ হুয়ান সেবাস্তিয়ান দে এলকানো (Juan Sebastián de Elcano)-তে, যেখানে ক্রু সদস্য হিসেবেই কাজ করেন। নিউইয়র্কেও নোঙর ফেলে সেই জাহাজ।
এরপর ব্লাস দে লেজো (Blas de Lezo) যুদ্ধজাহাজে সময় কাটান। আর ২০২৫ সালের ডিসেম্বর মাসে ইতিহাস গড়ে একাই ওড়েন পিলাটাস পিসি-২১ (Pilatus PC-21) বিমানে- প্রথম রাজকন্যা হিসেবে।
ধীরে ধীরে জনসমক্ষে
পর্তুগাল সফর, নাভারে চার্টার্ড কমিউনিটিতে (Chartered Community of Navarre) সরকারি উপস্থিতি- ধাপে ধাপে বাড়ছে তাঁর দায়িত্ব। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে পরিবার এখনও যথেষ্ট রক্ষণশীল। তবে রাজপরিবারের দীর্ঘ ঐতিহ্য আর মায়ের সাংবাদিকসুলভ আত্মবিশ্বাস মিলিয়ে লেওনর এখন স্পেনের সবচেয়ে আলোচিত জেন জি (Gen Z) রাজকন্যা।
সব মিলিয়ে, স্পেন অপেক্ষায়। ১৫০ বছরের অপেক্ষার শেষে, ইতিহাসের দরজায় কড়া নাড়ছেন এক তরুণী—প্রিন্সেস লেওনর।