ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বহু মানুষ। আহতের সংখ্যা প্রায় আড়াই হাজার। মৃতের সংখ্যা বাড়তে পারে, কারণ যে এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে উদ্ধার ও ত্রাণকার্য চালাতে বেগ পেতে হচ্ছে।

আফগানিস্তানে ভূমিকম্পের ফাইল ছবি।
শেষ আপডেট: 1 September 2025 14:00
দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮০০ ছাড়াল। ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বহু মানুষ। আহতের সংখ্যা প্রায় আড়াই হাজার। মৃতের সংখ্যা বাড়তে পারে, কারণ যে এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে উদ্ধার ও ত্রাণকার্য চালাতে বেগ পেতে হচ্ছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি কাবুল থেকে জানাচ্ছেন, কুনার ও নাঙ্গরহর জেলায় যাতায়াতের রাস্তা অত্যন্ত দুর্গম। ভূমিকম্পে অধিকাংশ রাস্তা চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক ভূমিকম্প-দুর্গত এলাকায় ৩০ জন ডাক্তার পাঠিয়েছে। এছাড়াও প্রায় ৮০০ কেজি জরুরিকালীন ওষুধপত্র পাঠানো হয়েছে। স্থানীয় হাসপাতালগুলি এই মুহূর্তে চরম স্থান সঙ্কুলান ও জরুরি ওষুধের অভাবে ভুগছে।
কুনারের প্রাদেশিক রাজধানী আসাদাবাদের সরকারি হাসপাতালের এক ডাক্তার জানান, তাঁরা সারারাত ঘুমোতে পারেননি। প্রতি মিনিটে একজন করে আহত বা মৃতদের নিয়ে আসা হচ্ছে। তিনি জানান, এই হাসপাতালে শিশু ও মহিলা সহ প্রায় ১৮৮ জনকে নিয়ে আসা হয়েছে। বহু মানুষকে স্থানাভাবে মাটিতে শুইয়ে রাখা হয়েছে।
The UN in Afghanistan is deeply saddened by the devastating earthquake that struck the eastern region & claimed hundreds of lives, injuring many more. Our teams are on the ground, delivering emergency assistance & lifesaving support. Our thoughts are with the affected communities pic.twitter.com/rCE6b3WzSU
— UN Afghanistan (@unafghanistan) September 1, 2025
বিজ্ঞানী ও গবেষকদের মতে, ক্ষয়ক্ষতির সম্পর্কে এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে তা হিমশৈলের চূড়ার মতো। কারণ, ভূমিকম্পের এলাকাটি পুরোপুরি পাহাড়ি তরাই অঞ্চল। ফলে, উদ্ধারের জন্য পৌঁছনোটাই এক বিরাট চ্যালেঞ্জ। ধসে অধিকাংশ রাস্তাই ভেঙে গিয়েছে। সে কারণে সড়ক যোগাযোগের উপায় ছেড়ে তালিবান প্রশাসন হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু, অধিকাংশ জায়গাতেই হেলিকপ্টার নামারও সমতল মিলছে না।