আফগানিস্তানের উপর আক্রমণ জোরালো করতে চিন ও তুরস্কের সঙ্গে আলোচনা শুরু করেছে পাকিস্তান। চিন যদিও প্রকাশ্যে দু'পক্ষকেই হামলা থামাতে আর্জি জানিয়েছে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেছেন, 'প্রতিবেশী এবং বন্ধু হিসেবে চিন দু'দেশের সংঘাতে জড়িয়ে পড়ার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন।

শেষ আপডেট: 27 February 2026 18:10
দ্য ওয়াল ব্যুরো: তাদের পাল্টা হামলায় পাকিস্তানের ৫০ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ কাবুলে সংবাদ মাধ্যমকে বলেছেন, আফগান বাহিনী পাকিস্তানের ১৯টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে। বেশ কিছু পাকিস্তানি সৈন্যকে আটক করেছে তারা।
পাল্টা পাকিস্তান দাবি করেছে, তারা আফগানিস্তানের ২৭টি সীমান্ত চৌকি গুড়িয়ে দিয়েছে। পাকিস্তান আরও দাবি করেছে, কাবুল, কান্দাহার এবং পাতকিয়ার পর তারা দামানেও হামলা চালিয়েছে। শুক্রবার সকালে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছিল, তাদের হামলায় ১৩৩ জন তালেবান সেনা নিহত হয়েছে। নিহতদের মধ্যে তালেবানের এক শীর্ষ ধর্মীয় নেতাও আছেন বলে জানা গিয়েছে।
এদিকে, আফগানিস্তানের উপর আক্রমণ জোরালো করতে চিন ও তুরস্কের সঙ্গে আলোচনা শুরু করেছে পাকিস্তান। চিন যদিও প্রকাশ্যে দু'পক্ষকেই হামলা থামাতে আর্জি জানিয়েছে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেছেন, 'প্রতিবেশী এবং বন্ধু হিসেবে চিন দু'দেশের সংঘাতে জড়িয়ে পড়ার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন।
এদিকে দুই প্রতিবেশীর মধ্যে লড়াই শুরু হলেও ভারত এখনও পর্যন্ত নীরব। আফগানিস্তানের তালেবান সরকারকে নয়া দিল্লি আনুষ্ঠানিকভাবে না দিলেও তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলছে। মাস দুই আগে আফগান বিদেশ মন্ত্রী দিল্লি ঘুরে গিয়েছেন। কাবুলে পুরো মাত্রায় কাজ শুরু করেছে ভারতের দূতাবাস। বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, নয়া দিল্লি পরিস্থিতির দিকে নজর রাখছে।
আফগানিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে তুরস্কের বিদেশ মন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার। সৌদি আরবের বিদেশ মন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তিনি। এই দুই দেশই এখন সামরিক কৌশলগত দিক থেকে পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু। পাক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, তুরস্ক ও সৌদি আরবকে বিদেশ মন্ত্রী ইসহাক দার বলেছেন, তাদের সংযমের বাঁধ ভেঙ্গে গিয়েছিল। আফগানিস্তানকে আক্রমণ করা ছাড়া কোনও পথ খোলা ছিল না।