গর্ভধারণে সমস্যা কমাতে মেথি হতে পারে উপকারী, বলছেন বিশেষজ্ঞরা। হরমোন ব্যালান্স থেকে স্পার্ম কোয়ালিটি, পুরুষ-নারী উভয়েরই প্রজননক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে এটি।

মেথি
শেষ আপডেট: 17 February 2026 18:33
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রান্নাঘরে মশলার তালিকায় মেথি (Fenugreek Seeds) খুবই পরিচিত নাম। শুধু স্বাদ নয়, আয়ুর্বেদ (Ayurveda) বলছে এই ছোট ছোট দানা নাকি পুরুষ ও মহিলার ফার্টিলিটি বাড়াতে বিশেষ ভূমিকা নেয়। তবে সবটাই পরিমিত সেবনের ওপর নির্ভর করছে।
পুষ্টিগুণে ঠাসা মেথি দানা
আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডা. চঞ্চল শর্মা (Dr Chanchal Sharma) জানাচ্ছেন, মেথি দানায় রয়েছে ফাইবার, ভিটামিন, আয়রন (Iron), ম্যাগনেশিয়াম (Magnesium), প্রোটিন (Protein) ও জিঙ্ক (Zinc)। পাশাপাশি স্যাপনিন (Saponins) ও ফ্ল্যাভোনয়েডস (Flavonoids)-এর মতো বায়োঅ্যাকটিভ যৌগ থাকায় এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিড্যান্ট গুণও অত্যন্ত শক্তিশালী।
ফার্টিলিটি সরাসরি নির্ভর করে শরীরের সার্বিক স্বাস্থ্য, মেটাবলিজম ও হরমোনের উপর। তাই মেথি দানা নিয়মিত খাওয়া পুরুষ ও মহিলার প্রজনন স্বাস্থ্যে বাড়তি জোর দেয়। পুরুষদের ক্ষেত্রে জিঙ্ক স্পার্মের গুণমান উন্নত করতে সাহায্য করে। মহিলাদের ক্ষেত্রে মেথির আয়রন মাসিক চক্র সুস্থ রাখতে সহায়তা করে।
কীভাবে ফার্টিলিটি বাড়ায় মেথি দানা
মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন (Estrogen) নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে নিয়মিত ডিম্বস্ফোটন (Ovulation) হয়। পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন (Testosterone) স্থিতিশীল রাখে, বাড়ায় স্পার্ম কাউন্ট (Sperm Count) ও মটিলিটি (Sperm Motility)।
মেথি দানা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। বিশেষজ্ঞরা বলছেন, পিসিওএস (PCOS) মূলত হরমোনের গোলমালের ফল, যা বন্ধ্যাত্বের বড় কারণ। ফাইবারের জন্য গ্লুকোজ শোষণ কম হয়, ইনসুলিন সেনসিটিভিটিও বাড়ে।
প্রাচীন ভারতে মেথি ব্যবহৃত হত রক্ত চলাচল উন্নত করতে। এতে প্রদাহ কমে, অঙ্গগুলির সার্বিক কার্যকারিতা বেড়ে যায়।
মানসিক চাপ গর্ভধারণে বড় বাধা। মেথি স্ট্রেস কমিয়ে হরমোন স্থিতিশীল রাখে, স্বাভাবিক গর্ভধারণের পক্ষে অনুকূল পরিবেশ তৈরি করে।
কীভাবে খাবেন মেথি
এক গ্লাস জলে এক টেবিলচামচ মেথি সারারাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই জল খান।
শুকনো কড়াইয়ে ভেজে মেথি গুঁড়ো করে নিন। প্রতিদিন আধ চামচ গুঁড়ো কুসুম গরম জল বা দুধের সঙ্গে খাওয়া যেতে পারে।
চিকিৎসকদের মত, মেথি দানা কোনও অবস্থাতেই বন্ধ্যাত্বের চিকিৎসার বিকল্প নয়। ফার্টিলিটি জড়িত বয়স, জিনগত কারণ, লাইফস্টাইল, মানসিক চাপ ও অন্যান্য শারীরিক সমস্যার সঙ্গে। মেথি দানা কেবল সহায়ক পুষ্টি হিসেবে কাজ করতে পারে।
তাদের পরামর্শ, মেথি নিয়মিত খেতে হলে তার সঙ্গে থাকতে হবে, সুষম খাদ্য, ব্যায়াম, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ।
মেথির পুষ্টিগুণ আশাপ্রদ, তবে সঠিক পরিমাণে ও সঠিক পদ্ধতিতে সেবন করলেই মিলবে সর্বোচ্চ উপকার।