হজমের গোলমাল, পেট ফাঁপা, গ্যাস্ট্রিক, পাতলা পায়খানা, এসব সমস্যা প্রায় নিত্যসঙ্গী। কীভাবে এড়িয়ে যাবেন? চিকিৎসকদের মতে, পেট ঠান্ডা রাখতে নজর দিতে হবে পাতে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 July 2025 13:57
দ্য ওয়াল ব্যুরো: বর্ষার মরসুমেও গরমের দাপট কমেনি একফোঁটা। কখনও রোদের তেজ, কখনও ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন শহরবাসী। এই পরিস্থিতিতে শুধু ত্বক নয়, ভুগছে আমাদের পরিপাকতন্ত্রও। হজমের গোলমাল, পেট ফাঁপা, গ্যাস্ট্রিক, পাতলা পায়খানা, এসব সমস্যা প্রায় নিত্যসঙ্গী। কীভাবে এড়িয়ে যাবেন? চিকিৎসকদের মতে, পেট ঠান্ডা রাখতে নজর দিতে হবে পাতে।
১. জল বেশি করে পান করুন
ডিহাইড্রেশন রুখতে দিনে অন্তত ২.৫ থেকে ৩ লিটার জল খান। প্রয়োজনে লেবুর জল, ডাবের জল, চিরে ভিজিয়ে তার জল, নুন-চিনিযুক্ত ওরাল রিহাইড্রেশন পানীয় পেট ঠান্ডা রাখে।
২. টক দই
টক দই হজমশক্তি বাড়ায়, শরীরে উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা বজায় রাখে। গরমে অত্যন্ত কার্যকর।
৩. জলযুক্ত ফল রাখতে হবে ডায়েটে
তরমুজ, বাঙ্গি, পেঁপে, আনারস, এসব ফলে জলীয় উপাদান বেশি, যা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।
৪. ভাপানো বা সেদ্ধ খাবার
তেল-মশলা কম রেখে ভাপা বা সেদ্ধ সবজি, মাছ বা মুগডাল খেলে শরীর হালকা থাকে, হজমও ভাল হয়।
৫. ভাতের মাড় ও হালকা খিচুড়ি
চিকিৎসকরা বলছেন, ভাতের মাড় ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণে সাহায্য করে। সঙ্গে হালকা মুগডালের খিচুড়ি পেট ঠান্ডা রাখে।
কী খাবেন না?
১. ঝাল-মশলাদার খাবার
চিকেন কষা, রেড মিট, কাবাব এসব এড়িয়ে চলুন। এতে হজমে সমস্যা হয়, গ্যাসের সমস্যা বাড়ে।
২. ঠান্ডা পানীয় বা আইসক্রিম
তাৎক্ষণিক আরাম দিলেও ঠান্ডা পানীয় বা বরফযুক্ত খাবার হজমের সমস্যায় বাড়তি চাপ ফেলে। বিশেষ করে বাচ্চা ও বয়স্কদের ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে।
৩. বাইরের রাস্তার খাবার
ফুচকা, চাউমিন বা এগরোল জাতীয় খাবার না খাওয়াই ভাল। সংক্রমণের ঝুঁকি বাড়ে।
৪. দুধ ও দুগ্ধজাত ভারী পদার্থ
দুধ, পনির বা ক্রিম-জাতীয় খাবার হজমে সময় নেয়। অতিরিক্ত দুধ এড়াতে বলছেন অনেক পুষ্টিবিদ।
৫. বেশি কফি বা চা
গরমে অতিরিক্ত ক্যাফেইন শরীরকে ডিহাইড্রেট করে। দিনে এক বা দুই কাপের বেশি নয়, বলছেন চিকিৎসকেরা।
চিকিৎসক সোমাশিস ঘোষ বলছেন, 'গরমে শরীরে জলের পরিমাণ দ্রুত কমে যায়। জল না খেলে কোষে অক্সিজেন পৌঁছনোর গতি কমে, হজমে অসুবিধা হয়। সঙ্গে জ্বর, বমি, মাথা ঘোরাও হতে পারে।' তাই শরীর আর পেট, দু’টোই ঠান্ডা রাখতে খাদ্যাভ্যাসে সামান্য বদল আনলেই মিলবে বড় উপকার।