চিকিৎসকদের ব্যাখ্যা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা হাঁটার ফলে পায়ের পেশিতে ক্লান্তি তৈরি হয়, রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে, ফলে পায়ের গোড়ালিতে ব্যথা, কাফ মাশলে টান হতে পারে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 July 2025 13:59
দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাই, শহর কলকাতার রাজনৈতিক ক্যালেন্ডারে এক বিশেষ দিন। এবারও ভোর থেকে ধর্মতলা চত্বরে মানুষের ঢল নেমেছে। থিকথিক করছে ভিড়। মিছিলে হাঁটা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, মঞ্চের সামনে পৌঁছনোর প্রাণপণ চেষ্টা, এসবের জন্য হতে পারে পায়ে ব্যথা, পা ফুলে যাওয়া বা হাঁটতে কষ্ট হওয়ার মতো সমস্যা।
চিকিৎসকদের ব্যাখ্যা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা হাঁটার ফলে পায়ের পেশিতে ক্লান্তি তৈরি হয়, রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে, ফলে পায়ের গোড়ালিতে ব্যথা, কাফ মাশলে টান হতে পারে।
চিকিৎসকরা কী বলছেন?
অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. সৌমিত্র ঘোষ বলছেন, 'অনেক্ষণ হাঁটলে পায়ের পেশির উপর অতিরিক্ত চাপ পড়ে। বিশেষ করে যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন না। এর ফলে মাশল ফ্যাটিগ বা পেশির ক্লান্তি দেখা দেয়। সেইসঙ্গে রক্ত জমে গিয়ে ফুলে ওঠে পা।'
কীভাবে মিলবে উপশম?
১. পা উঁচু করে রাখুন
চিকিৎসকের পরামর্শ, বাড়ি ফিরে পায়ের নীচে বালিশ দিয়ে অন্তত ১৫-২০ মিনিট পা উপরে তুলে শোবেন। এতে জমে থাকা রক্ত সঞ্চালন সহজ হবে, ফোলাভাব কমবে।
২. গরম জলে সেঁক
হালকা গরম জলে পা ডুবিয়ে রাখলে পেশির টান কমে। সঙ্গে অল্প নুন মিশিয়ে নিতে পারেন। দিনে দু’বার করলে আরাম মিলবে দ্রুত।
৩. হালকা ম্যাসাজ
পায়ের পাতায় ও পেশিতে হালকা করে তেল বা ময়েশ্চারাইজার দিয়ে মালিশ করলে রক্ত চলাচল সচল হয়, ব্যথা কমে। তবে তীব্র ব্যথা থাকলে কোনওরকম চাপ দেওয়া থেকে বিরত থাকুন।
৪. ভলিনি জাতীয় কোনও মলম বা স্প্রে
প্রয়োজনে পেশিব্যথা উপশমে ওভার-দ্য-কাউন্টার ব্যথার মলম বা স্প্রে ব্যবহার করা যেতে পারে।
৫. আরামদায়ক জুতো বেছে নিন
আগামিদিনে আবারও যদি হাঁটার পরিকল্পনা থাকে, তবে চিকিৎসকদের পরামর্শ মতো, ফ্ল্যাট সোল বা হার্ড সোল জুতো পরার বদলে কুশনযুক্ত আরামদায়ক জুতো পরুন।
৬. বেশি ফুলে গেলে চিকিৎসকের পরামর্শ নিন
পা যদি অস্বাভাবিকভাবে ফুলে যায়, ব্যথা ক্রমাগত বাড়ে বা সঙ্গে লালচে ভাব, জ্বর থাকে, তবে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।
ডা. ঘোষ বলছেন, 'যাঁদের ডায়াবেটিস বা হার্টের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে পা ফুলে যাওয়ার ঘটনা আরও গুরুতর হতে পারে। তাই উপেক্ষা না করে চিকিৎসা শুরু করতে হবে।'