ভাত খেলেই ওজন বাড়ে—এই ধারণা কতটা সত্য? ভাত, পরিমাণ, সময় আর খাবারের কম্বিনেশন মিলিয়ে কী বলছে বিজ্ঞান, জানুন বিস্তারিত।

যত দোষ ভাতের?
শেষ আপডেট: 2 January 2026 18:51
দ্য ওয়াল ব্যুরো: ওজন বাড়ার ভয় পেলেই অনেকেই প্রথমে যেটা বাদ দেন, সেটা হল ভাত। ডায়েট চার্ট থেকে শুরু করে পারিবারিক উপদেশ—সবখানেই একটাই কথা, “ভাত খেলে মোটা হবেই।” কিন্তু এই ধারণা কি আদৌ বৈজ্ঞানিক? নাকি আমরা সহজ একটা খাবারকে অযথা কাঠগড়ায় তুলে দিয়েছি?
বিশেষজ্ঞদের মতে, সমস্যা ভাতে নয়, সমস্যা আমরা কীভাবে, কতটা আর কখন খাচ্ছি, সেখানে।
ভাত মূলত কার্বোহাইড্রেটের উৎস। শরীরের প্রধান জ্বালানিও আসে এখান থেকেই। কিন্তু সমস্যা শুরু হয় যখন প্রয়োজনের তুলনায় অনেক বেশি ভাত খাওয়া হয়। দিনে শরীর যতটা শক্তি খরচ করে, তার চেয়ে বেশি ক্যালোরি ঢুকলে তা ফ্যাট হিসেবে জমতে শুরু করে—সময় সকাল হোক বা রাত।
রাতে ভাত খাওয়া মানেই ওজন বাড়বে, এমন কোনও নিয়ম নেই। কিন্তু রাতে যদি থালাভর্তি ভাত খাওয়া হয়, তার সঙ্গে আলু ভাজা, ঘি, ডাল আর মিষ্টি— তাহলে স্বাভাবিকভাবেই ক্যালোরির বোঝা বেড়ে যায়।
দিনের তুলনায় রাতে শরীরের মেটাবলিজম ধীর হয়ে যায়। হাঁটা-চলা, কাজকর্ম কম থাকে। ফলে রাতে বেশি কার্বোহাইড্রেট খেলে তা সহজে খরচ হয় না। এই জায়গাতেই ভাত ‘দোষী’ হয়ে ওঠে, যদিও আসলে দোষটা সময় ও অ্যাক্টিভিটির।
যাঁরা রাতের খাবারের পরেই শুয়ে পড়েন, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি হয়।
ভাত একা খেলে সমস্যা কম। কিন্তু ভাতের সঙ্গে যদি অতিরিক্ত তেল-মশলাযুক্ত তরকারি, ভাজাভুজি বা চর্বিযুক্ত খাবার যোগ হয়, তখন ইনসুলিন স্পাইক হয়। এতে শরীর দ্রুত ফ্যাট স্টোর করতে শুরু করে।
অন্যদিকে, অল্প ভাতের সঙ্গে যদি প্রোটিন ও ফাইবার থাকে. যেমন ডাল, মাছ, সবজি—তাহলে ভাতের গ্লাইসেমিক প্রভাব অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।
রাতে খুব দেরি করে খাওয়াও ওজন বাড়ার বড় কারণ। রাত ১০–১১টার পর ভাত খেয়ে সরাসরি ঘুমোতে গেলে শরীরের পক্ষে সেই ক্যালোরি খরচ করা কার্যত অসম্ভব হয়ে যায়। ফলে তা জমতে থাকে পেট ও কোমরের চারপাশে।
বিশেষজ্ঞদের মতে, ঘুমোনোর অন্তত দুই থেকে আড়াই ঘণ্টা আগে রাতের খাবার সেরে নেওয়াই সবচেয়ে ভাল।
হ্যাঁ। পরিমাণ নিয়ন্ত্রণে রেখে, সঙ্গে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার থাকলে অল্প ভাত রাতে খাওয়া মোটেই সমস্যা নয়। বরং সম্পূর্ণ ভাত বাদ দিলে অনেকের ক্ষেত্রে দুর্বলতা, রাতের হাঙ্গার প্যাংস বা পরদিন অতিরিক্ত খাওয়ার প্রবণতা দেখা যায়।
ওজন কমানোর ক্ষেত্রে টেকসই ফল পেতে হলে খাবার বাদ নয়, খাবারের ভারসাম্যই আসল চাবিকাঠি।
রাতে ভাত নয়, বরং দেরি করে খাওয়া, অতিরিক্ত পরিমাণ, ভাজাভুজি আর সারাদিন কম নড়াচড়া— এই সব মিলেই ওজন বাড়ার পথ তৈরি করে। ভাতকে একা দোষী করে লাভ নেই, যতক্ষণ না পুরো লাইফস্টাইলটা বদলানো হচ্ছে।