কালীপুজো ও দীপাবলিতে বাজি পোড়ানোয় শিশুর ফুসফুসে সমস্যা হতে পারে। সঠিক সাবধানতা অবলম্বন করে আপনার বাচ্চাকে ভাল রাখুন।

ছবিটি এআই দিয়ে তৈরি
শেষ আপডেট: 17 October 2025 15:25
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজো মানেই আলো, প্রদীপ আর রঙিন আতশবাজির খেলা। তবে, এই আনন্দের সঙ্গে আসে স্বাস্থ্যঝুঁকি, বিশেষ করে ছোটদের। বাতাসে বাজি পোড়ানোর ধোঁয়া ছড়িয়ে দেয় সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস। এগুলি মাটির কাছাকাছি নেমে আসে এবং শিশুদের ফুসফুসে ঢুকে শ্বাসকষ্ট, কাশি ও গলা জ্বালার মতো সমস্যা তৈরি করতে পারে।
সমস্যা হতে পারে বড়দেরও। দিল্লি বা উত্তরপ্রদেশের দূষণ নিয়ে কথা হলেও এ শহর নিয়ে কেউ কিছু বলে না। দীপাবলি বা কালীপুজোর সময় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার বাতাসও দূষিত হয়। কীভাবে এই সমস্যা থেকে নিজেকে একটু হলেও বাঁচাবেন? বাকি সমস্যাই বা কীভাবে এড়িয়ে চলবেন, জেনে নিন।
কীভাবে নিরাপদ থাকবেন?
১. ভোর ও সন্ধেয় বাইরে যাবেন না: এই সময়ে বাতাস সবচেয়ে খারাপ থাকে। বাইরে গেলে শিশুরা এই বিষাক্ত গ্যাস নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুসে পৌঁছে ক্ষতিগ্রস্ত হতে পারে।
২. বাড়ি ঘরের সুরক্ষা: দরজা জানলা বন্ধ রাখুন। ভারী পর্দা ঝুলিয়ে বাইরের ধোঁয়া আটকান। বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। শিশুদের জন্যও মাস্ক আবশ্যিক।
৩. বাজির বিকল্প: বাজি ফাটানোর বদলে প্রদীপ জ্বালাতে পারেন। রঙিন আলো দিয়ে ঘর সাজালে পরিবেশও ভাল থাকবে।
৪. ফুসফুসের যত্ন: প্রাণায়মের অভ্যাস করুন, শরীরকে হাইড্রেট রাখুন। জল বেশি করে খান যাতে শরীরের বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান এবং ঠান্ডা-কাশি না হয়, সেদিকে নজর দিন।
চিকিৎসকরা বলছেন, 'বাজি পোড়ানোর পর ধোঁয়া শিশুদের শ্বাসনালীতে সমস্যা করতে পারে। তাই উৎসবের সময় তাদের বাইরে নিয়ে যাওয়া এড়িয়ে চলা ভাল এবং বাড়ির ভেতরে নিরাপদ পরিবেশ নিশ্চিত করুন।'
এইভাবে কিছু সতর্কতা অবলম্বন করলে আনন্দ উৎসব আরও মধুর হবে।