উৎসবের মরশুমে আরও ৫১টি অস্থায়ী ফায়ার স্টেশন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য দমকল দফতর
শেষ আপডেট: 17 October 2025 08:38
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২০ অক্টোবর কালীপুজো (Kali Puja)। দীপান্বিতা অমাবস্যা দরজায় কড়া নাড়ছে। আলোর উৎসবের আগে থেকেই প্রস্তুতি তুঙ্গে রাজ্য দমকল দফতরে (Fire Department)। দীপাবলি, জগদ্ধাত্রী পুজো ও ছটপুজোকে ঘিরে বৃহস্পতিবার নিউ টাউনের অগ্নিনির্বাপন দফতরে রাজ্যের বিভিন্ন জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।
বৈঠকের পর মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে ১৬৬টি ফায়ার স্টেশন রয়েছে। উৎসবের মরশুমে আরও ৫১টি অস্থায়ী ফায়ার স্টেশন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ নজর থাকবে চন্দননগর, বারাসত, কৃষ্ণনগর, নৈহাটি ও বিভিন্ন বাজি বাজার এলাকায়।
কালীপুজোর আগের দিন, অর্থাৎ ১৯ তারিখ থেকেই রাজ্যজুড়ে রাস্তায় নামবে দমকল বাহিনী। “শতাধিক স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ৫১টি অতিরিক্ত অস্থায়ী ফায়ার স্টেশন তৈরি করা হবে,” জানান মন্ত্রী। দমকলের হাতে থাকা মোটরসাইকেলগুলিও এই সময়ে ব্যবহার করা হবে দ্রুত পৌঁছনোর জন্য।
কালীপুজোর পরেই ছটপুজো। সেই উপলক্ষেও বাড়ানো হচ্ছে নজরদারি। সুজিত বসু বলেন, “ছটের সময় ঘাটে ঘাটে এবং ক্যাম্প এলাকায় থাকবে দমকলের বিশেষ টিম।”
এছাড়া জগদ্ধাত্রী পুজো নিয়েও বিশেষ প্রস্তুতি চলছে। বিশেষ করে চন্দননগরে চার দিন ধরে চলা জগদ্ধাত্রী পুজোয় দুর্গাপুজোর মতোই ব্যাপক ভিড় হয়। “সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে দর্শনার্থীদের কোনও অসুবিধা না হয়,” বলেন মন্ত্রী। কলকাতা শহরেও থাকবে অতিরিক্ত নজরদারি ও অগ্নিনির্বাপণ টহল।