মনোজ ভার্মা সাফ জানিয়ে দেন, 'গ্রিন বাজিতে অনুমতি রয়েছে, এছাড়া যে বাজিগুলি নিষিদ্ধ করা হয়েছে সেগুলি কোনওভাবেই বিক্রি করা যাবে না। নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তি হতে পারে বলেও সতর্ক করে দেন নগরপাল।

ফাইল ছবি
শেষ আপডেট: 16 October 2025 12:40
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোয় বহু ক্লাব সরকারি অনুদান পায়, দশমীর পর আয়োজন করা হয় কার্নিভালের। এবার কালীপুজোতেও (Kali Puja) কি দেখা যাবে কার্নিভাল? সম্প্রতি পুজো উদ্যোক্তাদের তরফে একাধিক আর্জি জানানো হয়েছে। বুধবার এই সংক্রান্ত একটি বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Verma on Kali Puja)।
জানা গেছে, কালীপুজোয় (Kalipuja) কীভাবে শৃঙ্খলার মধ্যে সুষ্ঠভাবে সব আয়োজন করা যাবে, তা আলোচনা করতেই মূলত বৈঠক ডাকা হয়। পুজো উদ্যোক্তাদের আর্জি, দুর্গাপুজোর মতো কালীপুজোতেও কার্নিভালের আয়োজন করা যেতে পারে। পাশাপাশি দুর্গাপুজোয় যেমন বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হয়, কালীপুজোতেও সেই ছাড় দেওয়া হোক।
এদিনের বৈঠকের পর মনোজ ভার্মা সাফ জানিয়ে দেন, 'গ্রিন বাজিতে অনুমতি রয়েছে, এছাড়া যে বাজিগুলি নিষিদ্ধ করা হয়েছে সেগুলি কোনওভাবেই বিক্রি করা যাবে না। নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তি হতে পারে বলেও সতর্ক করে দেন নগরপাল। যদিও কার্নিভাল হবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।
প্রতিবছরের মতো এবারেও প্রতিমা নিরঞ্জনের সময় বেঁধে দেওয়া হয়েছে। সিপি জানান, আগামী ২১ থেকে ২৩ অক্টোবর, এই তিনদিনের মধ্যে শহরের সমস্ত প্রতিমা বিসর্জন দিতে হবে। একইসঙ্গে বিসর্জনের সময়েও মেনে চলতে হবে নিয়ম। যেমন- ডিজে নিষিদ্ধ করা হয়েছে। দমকল বিভাগের ২০১৯ সালের জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ফানুস ওড়ানো নিষিদ্ধ বলেও মনে করিয়ে দেন নগরপাল।
পুজো উদ্যোক্তারা, সিপি মনোজ ভার্মা ছাড়াও গতকালের এই বৈঠকে ছিল সিইএসসি, রাজ্য বিদ্যুৎ পর্ষদ লিমিটেড, পুরসভার আধিকারিকরা, পূর্ত দফতর। কলকাতায় প্রায় সাড়ে তিন হাজার কালীপুজো হয়। বুধবারের বৈঠকে পুজো উদ্যোক্তাদের সঙ্গে সবদিক পর্যালোচনা করে জরুরি গাইডলাইন বেঁধে দেন সিপি।